সিউল মাতাল এলআরবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ায় কনসার্টে গান গেয়ে দর্শক মাতাল এলআরবি। প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন আয়োজন করেছিল ‘বৈশাখী মেলা ১৪২০’। সেখানেই আয়োজন করা হয়েছিল এলআরবির কনসার্ট। ২ জুন কনসার্টটি অনুষ্ঠিত হয় দক্ষিণ কোরিয়ার সিউলে। কনসার্টে ব্যান্ড এলআরবি নিজেদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে। এটি ছিল দক্ষিণ কোরিয়ায় তাদের প্রথম কনসার্ট। দক্ষিণ কোরিয়ার সিউল থেকে এলআরবির প্রধান আইয়ুব বাচ্চু প্রথম আলোকে বলেন, ‘অসাধারণ একটি কনসার্ট হয়েছে। দর্শকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দেশের বাইরে অনেক দিন পর ভালো লাগার মতো একটি কনসার্টে অংশ নিয়েছে এলআরবি। সিউলের এই কনসার্টটির কথা অনেক দিন মনে থাকবে।’ ৬ জুন তাঁদের দেশে ফেরার কথা রয়েছে বলে জানান আইয়ুব বাচ্চু।উল্লেখ্য, মাস খানেক অসুস্থ থাকার পর এ বছরের মার্চে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কনসার্টের মধ্য দিয়ে দেশের বাইরে অনুষ্ঠান করেছিল জনপ্রিয় ব্যান্ড এলআরবি। এলআরবির সর্বশেষ অ্যালবাম যুদ্ধ প্রকাশ পেয়েছিল গত বছর। অ্যালবামটি বাজারে এনেছিল ডেডলাইন মিউজিক।