সিঙ্গাপুর মাতাবেন বাংলাদেশি তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইয়ুব বাচ্চু, সফি মণ্ডল, বাঁধন, নায়লা নাঈম
আইয়ুব বাচ্চু, সফি মণ্ডল, বাঁধন, নায়লা নাঈম

সিঙ্গাপুর মাতাতে ১২ ফেব্রুয়ারি ঢাকা ছাড়ছেন বাংলাদেশের সাংস্কৃতিক জগতের জনপ্রিয় কয়েকজন তারকা। ‘আশিয়ান গ্রুপ অ্যানুয়াল কালচারাল নাইট সিঙ্গাপুর’ শিরোনামের এই অনুষ্ঠানে নাচে-গানে, আর নাটিকায় মাতিয়ে রাখবেন বাংলাদেশের সব জনপ্রিয় তারকারা। বাংলাদেশ সোসাইটি সিঙ্গাপুরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি সিঙ্গাপুর পলিটেকনিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করছে কানেকটিং এইজ ও অরেঞ্জ ৩৬০ লিমিটেড।
জমকালো এই অনুষ্ঠানে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড ‘এলআরবি’, অংশ নেবেন সংগীতশিল্পী সফি মণ্ডল ও সজল, মডেল ও অভিনেত্রী বাঁধন, নায়লা নাঈম। অনুষ্ঠানে শায়লা আহমেদ লিমার পরিচালনায় ভঙ্গিমা নৃত্যগোষ্ঠীর মনোমুগ্ধকর পরিবেশনা ছাড়াও থাকছে জাদুশিল্পী আলীরাজের পরিবেশনা।
আয়োজক প্রতিষ্ঠান ‘কানেকটিং এইজ’-এর প্রধান বিপণন কর্মকর্তা শরিফ সাব্বির বলেছেন, ‘বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বব্যাপী আরও জনপ্রিয় ও প্রবাসী বাঙালিদের দেশীয় সংস্কৃতির বিনোদনের চাহিদাকে পূরণ করার লক্ষ্য নিয়েই আমাদের এই আয়োজন।’ তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রবাসী ভাইবোনেরা আমাদের সংস্কৃতির প্রতি ভালোবাসার প্রতিফলন হিসেবে অনুষ্ঠানটিতে উপস্থিত হয়ে আমাদের অনুপ্রেরণা জোগাবেন। এ অনুষ্ঠানটি সফল করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন।’

‘অরেঞ্জ ৩৬০’-এর নির্বাহী পরিচালক সাব্বির হোসেন বলেছেন, ‘প্রবাসীরা নিজেদের মতো করে বাংলাদেশের সংস্কৃতি লালন করে চলছেন। কিন্তু তার পরও তাঁরা অনেকভাবে বঞ্চিত। তাঁদের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার উদ্যোগ নিয়েছি।’

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৬ জানুয়ারি থেকে সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় এ অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হচ্ছে। সিঙ্গাপুরের ডলারে বিভিন্ন ধাপে টিকিটের মূল্য যথাক্রমে ভিআইপি-১০০, প্লাটিনাম-৫০, গোল্ড-৩০, সিলভার-২০ ডলার। এ ছাড়া ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠানের দিন সিঙ্গাপুর পলিটেকনিক কনভেনশন সেন্টার মিলনায়তন থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। অনুষ্ঠানটি শুরু হবে সিঙ্গাপুর সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।

‘আশিয়ান গ্রুপ অ্যানুয়াল কালচারাল নাইট সিঙ্গাপুর’ অনুষ্ঠানটির এয়ারলাইনস পার্টনার ‘রিজেন্ট এয়ারওয়েজ’, পাওয়ার্ড বাই রাঁধুনী ও সহযোগিতায় ‘প্রথম আলো’।