সিঙ্গাপুর মাতালেন বাংলাদেশি শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুরের পলিটেকনিক কনভেনশন সেন্টারে আয়োজিত কালচারাল নাইটে আইয়ুব বাচ্চুর পরিবেশনা।
সিঙ্গাপুরের পলিটেকনিক কনভেনশন সেন্টারে আয়োজিত কালচারাল নাইটে আইয়ুব বাচ্চুর পরিবেশনা।

শুধু প্রবাসী বাংলাদেশিরাই না, সিঙ্গাপুরে বাংলা ভাষাভাষী এমনকি ভিনদেশি মানুষও মাতলো বাংলাদেশি সাংস্কৃতিক পরিবেশনায়। মুহুর্মুহু করতালি, উল্লাস আর ‘বাংলাদেশ’ ধ্বনিতে যেন কেঁপে উঠল সিঙ্গাপুর। আইয়ুব বাচ্চু আর শফি মণ্ডলের সঙ্গে প্রবাসীরা গলা মেলালেন প্রাণের সুরে। 

আজ শনিবার সিঙ্গাপুরের পলিটেকনিক কনভেনশন সেন্টারে আয়োজিত ‘আশিয়ান গ্রুপ অ্যানুয়াল কালচারাল নাইট সিঙ্গাপুর’ এই সুযোগ এনে দেয়। বাংলাদেশ সোসাইটি সিঙ্গাপুরের সহযোগিতায় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অরেঞ্জ ৩৬০ লিমিটেড ও কানেকটিং এজ। বর্ণিল এ অনুষ্ঠানে দর্শকদের মাতান এলআরবি, সফি মণ্ডল, সজল, বাঁধন, নায়লা নাঈম এবং শায়লা আহমেদ ও তাঁর ভঙ্গিমা নৃত্যগোষ্ঠী। সঙ্গে ছিল আলীরাজের জাদু প্রদর্শন। গল্পে কথায় দর্শক মাতিয়ে রাখেন অনুষ্ঠানের উপস্থাপিকা আমব্রিন।

মঞ্চে নৃত্যশিল্পীদের হাতে লাল-সবুজ পতাকা।
মঞ্চে নৃত্যশিল্পীদের হাতে লাল-সবুজ পতাকা।

অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ছয়টায়। কিন্তু দুপুরের রোদ গড়াতেই অনুষ্ঠানস্থলে ঢল নামে প্রবাসী বাংলাদেশিদের। বাংলাদেশিদের পাশাপাশি ছিলেন ভিনদেশিরাও। অনুষ্ঠান শুরু হয় শায়লা আহমেদ ও তাঁর দল ভঙ্গিমার পরিবেশনায়। ‘সব কটা জানালা খুলে দাও না’ গান নিয়ে মঞ্চে আসেন সুমি আক্তার। ‘চুমকি চলেছে একা পথে’ গানটির সঙ্গে মডেল অভিনেত্রী বাঁধনের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। সজলের গলায় জেমসের গান ‘আমার সোনার বাংলা’ ছড়িয়ে পড়ে সবার মাঝে। এরপর জাদু নিয়ে আসেন আলীরাজ। শফি মণ্ডলের বাউলিয়া টানে মুগ্ধ শ্রোতারা। এরপর হালের জনপ্রিয় গানের সঙ্গে মঞ্চ মাতাতে আসেন নায়লা নাঈম। সবশেষে মঞ্চে আসে এলআরবি।

বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি ও ভিনদেশিরা।
বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি ও ভিনদেশিরা।

অনুষ্ঠানে সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সচিব খোরশেদ আলম চৌধুরী, সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ জামান, শিল্পী আইয়ুব বাচ্চু, কানেকটিং এজের প্রধান নির্বাহী মাহমুদুর রহমান, রিজেন্ট এয়ারের প্রধান পরিচালন কর্মকর্তা আশিষ রায় চৌধুরী ও অরেঞ্জ ৩৬০ ডিগ্রীর চেয়ারম্যান শমিত আশফাকুল হককে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল রাঁধুনী, এয়ারলাইনস পার্টনার রিজেন্ট এয়ারওয়েজ এবং সহযোগিতায় ছিল প্রথম আলো।