সিঙ্গাপুরে দর্পণ চলচ্চিত্র উৎসবে ফেরদৌস ও রুহি

সিঙ্গাপুরে দর্পণ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়ে অংশ নিতে গেছেন বাংলাদেশি চলচ্চিত্রের দুই অভিনয়শিল্পী ফেরদৌস ও রুহি। বৃহন্নলা ছবির জন্য ফেরদৌস এবং সংগ্রাম ছবির জন্য রুহি এ উৎসবে অংশ নেওয়ার ডাক পেয়েছেন। এই দুজন অভিনয়শিল্পী ছাড়াও ছবি দুটির নির্মাতা মুরাদ পারভেজ (বৃহন্নলা) এবং মনসুর আলীও (সংগ্রাম) দর্পণ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছেন।
ঢাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে ফেরদৌস ও মুরাদ পারভেজ সিঙ্গপুরের উদ্দেশে যাত্রা করেছেন। অন্যদিকে এরই মধ্যে যুক্তরাজ্য থেকে রুহি ও মনসুর আলী সিঙ্গাপুরে পৌঁছেছেন।
দর্পণ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাওয়ার আগে ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘দেশের একজন হয়ে দেশের প্রতিনিধিত্ব করার উদ্দেশ্যেই আমার চলচ্চিত্রে আসা। ছোটবেলায় প্রায়ই শুনতাম, ববিতা আপারা চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বের বিভিন্ন উৎসবে যোগ দিতেন। সেসব বিষয় আমাকে দারুণভাবে ভাবাত। একজন চলচ্চিত্রকর্মী হয়ে দেশকে বিশ্বের মানুষের কাছে উপস্থাপনের মধ্যে অন্য রকম ভালো লাগা কাজ করে।’
গত বছরও দর্পণ চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন ফেরদৌস। সেবার তিনি ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত অন্তর্ধান ছবিতে অভিনয়ের জন্য উৎসবে আমন্ত্রিত হন। রুহির চলচ্চিত্রে আসার বিষয়টি ঘটেছিল র্যাম্প মডেল থেকে টিভি নাটকে অভিনয়ে নাম লেখানোর পর। তাঁর মুক্তি পাওয়া প্রথম ছবি সংগ্রাম। এ ছবির পরিচালক রুহির স্বামী মনসুর আলী।
সিঙ্গাপুরে দর্পণ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত রুহি বললেন, ‘স্বামীসহ উৎসবে আমন্ত্রণের ব্যাপারটি আমার কাছে অনেক বেশি আনন্দের। এ ধরনের উৎসবে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রের আসরে নিজেদের অবস্থার কথা জানান দেওয়া সম্ভব হয়। তা ছাড়া বিভিন্ন দেশের চলচ্চিত্র সম্পর্কেও একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। এ ধরনের উৎসবে অংশ নেওয়াটা অনেক বেশি সম্মানের এবং গৌরবের।’
সিঙ্গাপুরে আজ ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া দর্পণ চলচ্চিত্র উৎসবে কলকাতা থেকেও বেশ কয়েকজন আলোচিত চলচ্চিত্র অভিনয়শিল্পী এবং নির্মাতা অংশ নিচ্ছেন। এঁদের মধ্যে রয়েছেন—প্রসেনজিৎ, জিৎ, দেব, পরমব্রত, কংকনা সেন শর্মা, রাইমা সেন, স্বস্তিকা, সৃজিত, শাশ্বতসহ আরও অনেকে। এ চলচ্চিত্র উৎসব চলবে ২ নভেম্বর পর্যন্ত।