সিঙ্গাপুরে নেওয়া হলো রজনীকান্তকে
উন্নত চিকিত্সার জন্য তামিল ছবির জনপ্রিয় অভিনেতা রজনীকান্তকে চেন্নাই থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে জানা গেছে, বর্তমানে তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তাঁর সব ধরনের চিকিত্সা চলছে। খবরে এও বলা হয়েছে, তামিল ছবির সুপারস্টার অভিনেতা রজনীকান্তের অবস্থার এখনো তেমন কোনো উন্নতির লক্ষ্মণ দেখা যাচ্ছে না। অবস্থা আগে যা ছিল তাই রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, রজনীকান্ত গত মাস থেকে শারীরিক সমস্যায় ভুগছেন। গত এপ্রিলের শেষ দিকে তাঁর নতুন ছবি ‘রানা’র শুটিং শুরুর প্রথম দিনই তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর তাঁকে দুই দফা হাসপাতালে ভর্তি করতে হয়। ১৩ মে আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র মেডিকেল সেন্টারের নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে খুব একটা উন্নতির লক্ষ্মণ দেখা না যাওয়ায় সিঙ্গাপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৬১ বছর বয়সী এই তামিল অভিনেতা শ্বাসকষ্টজনিত সমস্যাসহ নানা ধরনের রোগে ভুগছেন।