সিঙ্গাপুরে যাচ্ছে 'লাইভ ফ্রম ঢাকা'

তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের প্রথম ছবি লাইভ ফ্রম ঢাকা যাচ্ছে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। ২৩ নভেম্বর শুরু হচ্ছে এই উৎসব। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ২৭তম এই আসরে বাংলাদেশ থেকে এশিয়ান ফিচার ফিল্ম কম্পিটিশন ক্যাটাগরিতে সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ডের জন্য লড়বে ছবিটি। একই সঙ্গে ওই উৎসবে উদ্বোধনী প্রদর্শনী হবে লাইভ ফ্রম ঢাকার। উৎসব চলার সময় আগামী ২ ও ৩ ডিসেম্বর প্রদর্শিত হবে ছবিটি।
৯৪ মিনিটের এই ছবিটি সাদাকালো। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার ও তাসনোভা তামান্না। এরই মধ্যে ছবিটির একটি ট্রেলার ইউটিউবে আপলোড করা হয়েছে।
ছবিটি প্রসঙ্গে পরিচালক সাদ বলেন, ‘আমার মাথায় একটা চরিত্র ছিল, যে মানুষটা অনেক বছর ধরে ঢাকায় থাকে। ঢাকা যার কাছে কখনো অসহ্য, আবার এই ঢাকা কখনো তার প্রিয় শহর। এ রকম একটা জায়গা থেকে নির্মাণ করা হয়েছে লাইভ ফ্রম ঢাকা।’