সিঙ্গাপুরে সম্মানিত হলেন বাংলাদেশের তারকারা
রোববার সন্ধ্যা। সিঙ্গাপুরের ফেরার পার্ক। বাংলাদেশের শিল্পী, কলাকুশলী আর প্রবাসী দর্শকে পূর্ণ। স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হলো অনুষ্ঠান। ‘ডায়মন্ড ওয়ার্ল্ড-চ্যানেল আই বেস্ট অ্যাওয়ার্ড ২০১১’ তুলে দেওয়া হলো বাংলাদেশের শিল্পী ও কলাকুশলীদের হাতে। এবার আজীবন সম্মাননা পেয়েছেন ববিতা।পুরস্কার দেওয়ার ফাঁকে ফাঁকে ছিল শিল্পীদের পরিবেশনা। বিভিন্ন পরিবেশনায় অংশ নেন রাজ্জাক, ফারুক, ববিতা, রিজিয়া পারভীন, ফেরদৌস, পূর্ণিমা, মিশা সওদাগর, মাহফুজ আহমেদ, চঞ্চল চৌধুরী, নোবেল, জয়া আহসান, তিশা, ইমন, মোনালিসা, আরেফিন শুভ, নাঈম, রাখী, হাসিন ও সামিয়া। অনুষ্ঠানে গান গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন, জেমস, মমতাজ, বারী সিদ্দিকী, মনির খান ও মেহ্রীন। ডায়মন্ড ওয়ার্ল্ড-চ্যানেল আই বেস্ট অ্যাওয়ার্ড ২০১১ পেয়েছেন: অভিনেত্রী (চলচ্চিত্র) জয়া আহসান (গেরিলা), আলোচিত অভিনেত্রী (চলচ্চিত্র) পূর্ণিমা (ওরা আমাকে ভালো হতে দিল না), অভিনেতা (চলচ্চিত্র) ইমন (গার্মেন্টস কন্যা), আলোচিত অভিনেতা (চলচ্চিত্র) চঞ্চল চৌধুরী (মনের মানুষ), কণ্ঠশিল্পী (পুরুষ) মনির খান (মায়ের জন্য পাগল), কণ্ঠশিল্পী (নারী) কনকচাঁপা (মা আমার চোখের মণি), পরিচালক (চলচ্চিত্র) নাসির উদ্দীন ইউসুফ (গেরিলা), অভিনেত্রী (টিভি নাটক) জয়া আহসান (চৈতা পাগল), আলোচিত অভিনেত্রী (টিভি নাটক) তিশা (মুকিম ব্রাদার্স), অভিনেতা (টিভি নাটক) মাহফুজ আহমেদ (চৈতা পাগল), আলোচিত অভিনেতা (টিভি নাটক) নোবেল (আমাদের ছোট নদী), পরিচালক (টিভি নাটক) মাহফুজ আহমেদ (চৈতা পাগল), মডেল (পুরুষ) নাঈম (মুরগি মার্কা ঢেউটিন), মডেল (নারী) রাখী (সিলন টি)। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অপু মাহফুজ ও কোনাল।