সিঙ্গাপুরে সাবিনার মিউজিক ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের সান্টোসা, এসপ্ল্যানেট, ম্যারিনা বে স্যান্ডস ও ইস্ট কোস্ট পার্ক এলাকায় সাবিনা ইয়াসমীনের ছয়টি গানের মিউজিক ভিডিও তৈরি হলো। গানগুলো হলো ‘ঝড়ের পাখি ওই ওড়ে’, ‘মন দেব কি দেব না’, হায় রে কপাল মন্দ’, ‘আমি রজনীগন্ধা’, ‘শুধু গান গেয়ে পরিচয়’ এবং ‘ওগো চাঁদ তুমি কি জানো না’। ঈদের জন্য একটি অনুষ্ঠান তৈরি করছেন আরিফ খান। এ অনুষ্ঠানের জন্যই তৈরি হলো মিউজিক ভিডিওগুলো।আরিফ খান জানান, এর আগে বিচ্ছিন্নভাবে দেশের বাইরে সাবিনা ইয়াসমীনের গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে। কিন্তু এবারই প্রথম পুরো একটি অনুষ্ঠান তৈরি হলো। সব কটি গানের দৃশ্যায়নে অংশ নিয়েছেন সাবিনা ইয়াসমীন।সাবিনা ইয়াসমীন বললেন, ‘আমাকে এমনিতেই সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নিয়মিত যেতে হয়। এবার যাওয়ার আগে আরিফ খান এই অনুষ্ঠানটির ব্যাপারে বললেন। তাঁর আগ্রহের কারণে সিঙ্গাপুরে অনুষ্ঠানটা করতে রাজি হয়েছি। বাইরে গানের অনুষ্ঠান করার অন্য রকম আনন্দ আছে। তবে এখানে একজনের কথা না বললেই নয়। তিনি আমার বন্ধু মিলিয়া ইসলাম সাবেদ। অনুষ্ঠানটির দৃশ্য ধারণে সব ধরনের সহযোগিতা তাঁর কাছ থেকে পেয়েছি। ও না থাকলে হয়তো এত সুন্দরভাবে অনুষ্ঠানটির কাজ শেষ করতে পারতাম না।’