সিটি অব রোম জয় করল ফারুকীর 'টেলিভিশন'

মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ ছবিটি এবার রোমে পুরস্কৃত হয়েছে। ইতালির রোমে অনুষ্ঠিত এশিয়াটিকা ফিল্ম মিডিয়াল ২০১৩ থেকে সিটি অব রোম পুরস্কার জয় করেছে ছবিটি। উৎসবে বিচারকদের রায়ে ‘টেলিভিশন’সেরা চলচ্চিত্র হিসেবে সমালোচক পুরস্কার জিতে নিয়েছে। শুধু তা-ই নয়, দর্শকদের ভোটেও সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘টেলিভিশন’।
ইতালির রোমে অনুষ্ঠিত এশিয়াটিকা ফিল্ম মিডিয়ালে ২০১৩-তে মোট ১২টি ছবি প্রদর্শিত হয়। উৎসবে অস্কার বিজয়ী নির্মাতা আসগার ফাহাদীর দীর্ঘদিনের সহযোগী এবং ‘এ সেপারেশন’ছবির অভিনেতা পেম্যান মোদি পরিচালিত প্রথম ছবি ‘স্নো অন পাইনস’ও পুরস্কৃত হয়।তাঁর ছবিটিকে নেটপ্যাক (নেটওয়ার্ক ফর দ্য প্রোমোশন অব এশিয়ান সিনেমা) পুরস্কার দেওয়া হয়েছে।
জানা গেছে, ফারুকী আজ সকালে ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। সন্ধ্যায় দেশের মাটিতে পা রাখবেন তিনি।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে এক ফেসবুক বার্তায় ফারুকী লিখেছেন, ‘সেরা চলচ্চিত্র হিসেবে সমালোচক পুরস্কার পাওয়ার পাশাপাশি দর্শক ভোটেও সেরা ছবি নির্বাচিত হয়েছে “টেলিভিশন”। এ জন্য জুরি বোর্ডের সদস্য এবং রোমবাসীকে অনেক ধন্যবাদ। জুরি বোর্ডের প্রধান লুসিয়ানো টভোলি আমার কাজ পছন্দ করেছেন জেনে আমি অনেক বেশি আনন্দিত। ডি সিকা, অ্যান্টোনিওনি এবং মোরেটির মতো নির্মাতার সঙ্গে কাজ করেছেন লুসিয়ানো টভোলি।’
উল্লেখ্য, এর আগে ফারুকীর ‘টেলিভিশন’ছবিটি কয়েকটি উৎসবে পুরস্কার এবং বেশ কয়েকটি ফান্ড জিতে নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বুসান উৎসবে ক্লোজিং মুভি, দুবাই জুরি অ্যাওয়ার্ড ইত্যাদি।
আনিসুল হকের চিত্রনাট্যে ‘টেলিভিশন’ছবির প্রধান অভিনয়শিল্পীরা হলেন মোশাররফ করিম, তিশা, চঞ্চল চৌধুরী, শামীম শাহেদ, শাহীর হুদা রুমী, রোবেনা রেজা জুঁই প্রমুখ।
‘টেলিভিশন’ ছবিটির সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু, হূদয় খান, অর্ণব ও ব্যান্ড চিরকুট। গান লিখেছেন কবির বকুল, মারজুক রাসেল, শারমীন সুলতানা সুমী, রবিউল ইসলাম জীবন ও সোমেশ্বর অলি।ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মিলন মাহমুদ, পিন্টু ঘোষ, শারমীন সুলতানা সুমী, অর্ণব, হৃদয় খান, নির্ঝর, লুত্ফর হাসান, ন্যান্সি ও লিমন।