ঘোষণা দেওয়া হয়েছিল আগেই। বাকি ছিল পুরস্কারটি হাতে তুলে দেওয়া। এ উপলক্ষে গতকাল দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই স্টুডিওতে প্রবীণ ও নবীন লেখক, প্রকাশক আর বিশিষ্টজনদের মিলনমেলা বসেছিল। আনন্দঘন আর উৎসবমুখর আবহে ১০ লেখকের হাতে তুলে দেওয়া হয় ‘সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৭’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিটিব্যাংক এনএর কান্ট্রি ট্রেজারার ও মার্কেটস প্রধান সাজেদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পুরস্কারের প্রেক্ষাপট তুলে ধরেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান।
এবার ‘ক’ শাখায় প্রবন্ধ, আত্মজীবনী ও স্মৃতিকথা বিভাগে অনন্যা থেকে প্রকাশিত উনিশ শতকে পূর্ববঙ্গে ব্রাহ্ম আন্দোলন গ্রন্থের জন্য পুরস্কৃত হয়েছেন অধ্যাপক মুনতাসীর মামুন, উপন্যাসে যৌথভাবে প্রথমা থেকে প্রকাশিত প্রিয় এই পৃথিবী ছেড়ে গ্রন্থের জন্য আনিসুল হক এবং কথাপ্রকাশ থেকে প্রকাশিত ডুগডুগির আসর গ্রন্থের জন্য প্রশান্ত মৃধাকে পুরস্কৃত করা হয়েছে। কবিতায় যৌথভাবে আবিষ্কার থেকে প্রকাশিত জো কাব্যগ্রন্থের জন্য হাবীবুল্লাহ সিরাজী ও জার্নিম্যান থেকে প্রকাশিত সাত দেশের কবিতা অনুবাদ কাব্যগ্রন্থের জন্য মুহাম্মদ সামাদ; শিশুসাহিত্যে (যৌথভাবে) কিশোর উপন্যাসে হাশেম খানের ছবির গল্প মধুবক গ্রন্থের জন্য হাশেম খান ও ছড়ায় চন্দ্রাবতী একাডেমি থেকে প্রকাশিত লাল জেব্রার ম্যাজিক ছড়া গ্রন্থের জন্য লুত্ফর রহমান রিটন পুরস্কার পেয়েছেন।
তরুণ লেখক ক্যাটাগরিতে (জীবনের প্রথম বই) সময় থেকে প্রকাশিত প্রকাশকনামা ও হুমায়ূন আহমেদ গ্রন্থের জন্য ফরিদ আহমেদ, কথাপ্রকাশ থেকে প্রকাশিত মেঘ ও বাবার কিছু কথা গ্রন্থের জন্য দ্বিতীয় সৈয়দ হক ও অনন্যা থেকে প্রকাশিত নীল ফড়িং কাব্য গ্রন্থের জন্য শানারেই দেবী শানু পুরস্কৃত হয়েছেন।
‘ক’ শাখায় প্রতিটি পুরস্কারের মূল্যমান ৩০ হাজার টাকা ও একটি ক্রেস্ট আর ‘খ’ শাখায় পুরস্কারের মূল্যমান ১০ হাজার টাকা ও একটি ক্রেস্ট।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক, অনন্যার প্রকাশক মনিরুল হক, কথাপ্রকাশের স্বত্বাধিকারী জসিম আহমেদ প্রমুখ।