সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান
গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে ‘সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১১’ দেওয়া হয়েছে। তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার পাওয়া ব্যক্তিদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান ও সিটিব্যাংক এনএর ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। স্বাগত বক্তব্য দেন আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান। পুরস্কার হিসেবে মূল শাখায় ২৫ হাজার টাকা ও ক্রেস্ট এবং তরুণ লেখক শাখায় ১০ হাজার টাকা ও ক্রেস্ট দেওয়া হয়।শনিবার বিকেলে অনুষ্ঠানটি শুধু পুরস্কার দেওয়া-নেওয়াতে সীমাবদ্ধ ছিল না। পরিণত হয়েছিল লেখকদের আড্ডায়। খোলামনে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন তাঁরা।এবারের ‘অমর একুশে গ্রন্থমেলা’য় প্রকাশিত শিশুতোষ উপন্যাস আঁখি এবং আমরা ক’জন-এর জন্য এই পুরস্কার পেয়েছেন জাফর ইকবাল। এ ছাড়া উপন্যাসে নূরজাহান-এর জন্য ইমদাদুল হক মিলন এবং কবিতায় শুধু একটাই পা গ্রন্থের জন্য আফজাল হোসেন পুরস্কার পান। তরুণ লেখক শাখায় কেউ খুঁজেছিলো আলো উপন্যাসের জন্য ইসরাত জাহান এবং ওগো মোর দেহ প্রভু কবিতার বইয়ের জন্য আদিত্য শাহীন পুরস্কার পান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লুৎফর রহমান।