সিটি নির্বাচনে নেই চট্টগ্রামের তারকারা
আজ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন, অথচ কোনোভাবেই উপস্থিতি নেই স্থানীয় নামীদামি তারকারা। দেখা গেছে ঢাকার বেশ কয়েকজন তারকাশিল্পী ও অভিনেত্রী সেখানে প্রচার চালিয়েছেন। কিন্তু চট্টগ্রামের তারকাদের প্রচারণা তো দূরের কথা নির্বাচনে ভোট দিতেও দেখা যাচ্ছে না। কারণ, প্রয়োজনের তাগিদে তাঁরা সবাই আজ রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত। এ জন্য তাঁরা ভোটারও খোদ ঢাকাতেই। তবে মাঝেমধ্যে যে তাঁরা চট্টগ্রামে যান না, তা নয়। চট্টগ্রামের সবচেয়ে বড় আজকের নির্বাচনের প্রতি অন্যরকম একটা টান লক্ষ করা গেছে তারকাদের সঙ্গে কথাবার্তায়। সুরকার ও শিল্পী নকীব খান বললেন, ‘আসলে দুটো বিষয় কাজ করে। প্রথমত, বাস্তবতা আর দ্বিতীয়ত, ইমোশন বা ভাবাবেগ। বাস্তবে আমি আজ ঢাকায় কিন্তু এর পরও প্রচণ্ডভাবে মিস করছি চট্টগ্রামের সিটি নির্বাচনকে।’ নকীব খান আরও বলেন, ‘আমি সর্বশেষ আশির দশকের শুরুতে চট্টগ্রামের নির্বাচনে ভোট দিয়েছিলাম। তখন ছিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র।’ চট্টগ্রামের আরেক তারকাশিল্পী কুমার বিশ্বজিৎ বললেন, ‘এখন চট্টগ্রামের ভোটার না হলেও আমার খুব ইচ্ছে ছিল নির্বাচনের দিন সেখানে থাকার। অথচ জরুরি একটা কাজে গতকালই আমাকে ঢাকায় চলে আসতে হয়।’ গায়ক-অভিনেতা পার্থ বড়ুয়া বলেন, ‘দীর্ঘদিন ঢাকায় আছি। আমি ভোটারও হয়েছি ঢাকায়। তাই চট্টগ্রামের সিটি নির্বাচনে অংশ নিতে পারছি না। এ জন্য অবশ্য কিছুটা খারাপও লাগছে। অংশ নিতে পারলে ভালোই লাগত।’ চট্টগ্রামের আরও কয়েকজন তারকা, যেমন—কবরী সরোয়ার, শাবানা, আইয়ুব বাচ্চু, রবি চৌধুরী ও মডেল নোবেল আজ ভোট দিচ্ছেন না।