সিটিসেল-চ্যানেল আই আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর এবারের আসরে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লাকে। তাঁর হাতে এই সম্মাননা তুলে দেবেন উপমহাদেশের আরেক প্রখ্যাত সংগীতশিল্পী সন্ধ্যা মুখার্জি। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ উপমহাদেশের বেশ কয়েকজন শীর্ষ তারকা। আগামী ১০ জানুয়ারি জমকালো এই আয়োজন বসবে কলকাতার গ্র্যান্ড হোটেল মিলনায়তনে। রুনা লায়লাকে আজীবন সম্মাননা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের প্রকল্প পরিচালক শহীদুল আলম সাচ্চু।প্রথম আলো ডটকমকে শহীদুল আলম সাচ্চু বলেন, ‘এবার দুই বাংলা মিলিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। এই আয়োজনের অষ্টম আসর এটি। প্রথমে পুরো আয়োজন কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা এখন কলকাতা ও চট্টগ্রামের মধ্যে ভাগ করা হয়েছে।’ জানা গেছে, কলকাতার আয়োজনের বেশির ভাগ জুড়েই থাকছে আন্তর্জাতিক মানের দেশীয় ও বিদেশি শিল্পীদের সমন্বয়ে ভিন্ন রকমের আয়োজন। ওই অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হবে রুনা লায়লাকে।আয়োজকেদের বরাতে জানা গেছে, এবার সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আজীবন সম্মাননা পর্বটি সাজানো হয়েছে আলাদা আবহে। তাই শুধু এই একটি সম্মাননা দেওয়ার জন্য কলকাতায় যাচ্ছে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস টিম। শহীদুল আলম সাচ্চু আরও বলেন, ‘১০ জানুয়ারি কলকাতায় আজীবন সম্মাননা পর্বটি শেষ করে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের অন্য শাখার পুরস্কার দেওয়া হবে চট্টগ্রামে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ এবারের আসরে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকগান, আধুনিক গান, উচ্চাঙ্গসংগীত (যন্ত্র), উচ্চাঙ্গসংগীত (কণ্ঠ), ছায়াছবির গান, ব্যান্ডসংগীত, আন্ডারগ্রাউন্ড ব্যান্ড, গীতিকার, নবাগত গায়ক-গায়িকা, শব্দ প্রকৌশলী, কাভার ডিজাইন, সংগীতপরিচালক, মিউজিক ভিডিও, আজীবন সম্মাননা—মোট ১৬টি শাখায় পুরস্কার দেওয়া হবে।সিটিসেল ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে বেশ কয়েক বছর ধরে ‘সুস্থ সংগীতের বিকাশের লক্ষ্যে’ সংগীতের বিভিন্ন শাখায় পুরস্কার দেওয়া হচ্ছে।