সিডনি অলিম্পিক পার্কে বৈশাখী মেলা

দেশের বাইরে এবার সবচেয়ে বড় বৈশাখী মেলা বসতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে। ২০১৬ সালের ১৬ এপ্রিল শনিবার এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। আর এবারের মেলা বসবে বিখ্যাত সিডনি অলিম্পিক পার্কের এএনজেড অলিম্পিক স্টেডিয়ামে। জানিয়েছেন এ মেলার আয়োজকেরা।
১৯৯৩ সাল থেকে প্রতি বছরই সিডনিতে এই বৈশাখী মেলা আয়োজিত হয়ে আসছে। সিডনির বারউড গার্লস স্কুল, অলিম্পিক পার্কের অ্যাথলেটিক সেন্টার, টেনিস সেন্টার ঘুরে এবারের মেলাটি আয়োজিত হবে সিডনি অলিম্পিক পার্কের এএনজেড অলিম্পিক স্টেডিয়ামে। ৮৫ হাজার জনের ধারণ ক্ষমতাসম্পন্ন সিডনির এই স্টেডিয়ামটি শুধু স্থানসংকুলানের দিক থেকেই নয়, সার্বিক বিবেচনায় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইভেন্ট ভেন্যু হিসেবে স্বীকৃত। এই বৈশাখী মেলার আয়োজন করছে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া।
মেলার আয়োজক বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া-এর সভাপতি শেখ শামীমুল হক জানিয়েছেন, এ মেলাতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীসহ বিরোধীদলীয় নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বাংলাদেশের সংগীত জগতের কিংবদন্তি শিল্পীদের একজন এ মেলায় সংগীত পরিবেশন করবেন আর প্রতিবারের মতো এ মেলাতেও থাকবে জমকালো আতশবাজির মনোমুগ্ধকর আয়োজন।
মেলার বিভিন্ন দিক নিয়ে শেখ শামীমুল হক আরও জানান, গতবার টেনিস সেন্টারে আয়োজিত মেলায় আগত ও অভ্যাগতরা যে সব অসুবিধার সম্মুখীন হয়েছিলেন সেগুলো গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করছেন আয়োজকেরা। তিনি জানান, মেলায় পার্কিংয়ের যে সমস্যা প্রতিবার হয় এবার সেটা হয়তো হবে না। এবারে অলিম্পিক স্টেডিয়ামের লাগোয়া পি ১ পার্কিং বরাদ্দ হচ্ছে। মেলায় ঢোকা ও বের হওয়ার জন্য আলাদা রাস্তা থাকার কারণে আগের মতো আর দীর্ঘক্ষণ ট্রাফিকে অপেক্ষা করতে হবে না। এ ছাড়া টিকিটের জন্যও এবার বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। এ স্টেডিয়ামে টিকিট কাউন্টারও অনেক বেশি।
এদিকে মেলা কমিটির কোষাধ্যক্ষ মেহেদি রব জানিয়েছেন, এবারের টিকিট অনলাইনে দেওয়া যায় কিনা তার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া দেশ ও মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য ও চিত্রকলার প্রদর্শনী আয়োজনের তাঁরা জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলেও জানিয়েছেন মেহেদি রব। তিনি জানান, আরও কিছু নতুন থাকবে এবার।
এবারের এই বৈশাখী মেলার উৎসবে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় পঁচিশ হাজার প্রবাসী বাঙালি এদিন সমবেত হবেন বলেই ধারণা করছেন আয়োজকেরা। পোশাকে-আশাকে, সাজসজ্জায়, ভোজে-আড্ডায় এই দিনটিতে ষোলোআনা বাঙালিয়ানায় মেতে উঠবেন মেলায় আগত প্রবাসীরা। মেলায় দেশি-বিদেশি রকমারি খাবারের দোকান ছাড়াও থাকবে বই ও পোশাকের স্টল।