সিডনিতে প্রতিভা অন্বেষণে নীপা, ফেরদৌস ও কনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামীম আরা নীপা, ফেরদৌস ও কনা
শামীম আরা নীপা, ফেরদৌস ও কনা

অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালিদের সংগঠন দিগন্ত অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজন করেছে প্রতিভা অন্বেষণ কার্যক্রম। সংগীত ও নৃত্য এই দুই শাখার প্রতিযোগিতায় বিচারক হয়ে সেখানে গেছেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা, চিত্রনায়ক ফেরদৌস আর সংগীতশিল্পী কনা। ১ অক্টোবর থেকে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর।

এই প্রতিভা অন্বেষণের উদ্যোক্তা দিগন্ত সংগঠনের প্রধান ফারজানা লিটা। তিনি জানান, প্রবাসে যাঁরা বাঙালি আছেন, যাঁরা অন্য ভাষাভাষি হয়ে বাংলা সংস্কৃতি ভুলতে বসেছেন, তাঁদের আমাদের সংস্কৃতির সঙ্গে একাত্ম করতেই প্রথমবারের মতো এই উদ্যোগ। প্রতিযোগিতায় ৮ বছর থেকে ২০ বছর পর্যন্ত বয়সসীমা ধরা হয়েছে।

সিডনি থেকে চিত্রনায়ক ফেরদৌস ফোনে বলেন, ‘প্রবাসী বাঙালিদের মাঝে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ। আমাদের বিষয়টি ভালো লেগেছে বলেই দিগন্তর এই আয়োজনে আমরা বাংলাদেশ থেকে উড়ে এসেছি।’

ফেরদৌস বলেন, ‘ইতিমধ্যেই আমরা বাছাই করে চূড়ান্ত পর্বের জন্য ২৪ জনকে নির্বাচন করেছি। এরপর তাদের আমরা গ্রুমিং করিয়েছি। এই ২৪ জনের মধ্যে গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’ বিভাগের চারটি ক্যাটাগরিতে চারজনকে বিজয়ী ঘোষণা করা হবে। যাদের নির্বাচন করা হয়েছে, তাদের মধ্যে ভালো কয়েকজন প্রতিভা আমরা খুঁজে পেয়েছি। যাদের মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, চূড়ান্ত পর্বে শামীম আরা নীপা একটি দলের সঙ্গে, ফেরদৌস আরেকটি দলের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন। আর কনা একটি দলের সঙ্গে সংগীত পরিবেশন করবেন।

৭ অক্টোবর সিডনির অরিয়ন থিয়েটারে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।