অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন ‘রাওয়া’ একটি সিডি ও বইমেলার আয়োজন করে গতকাল। সকালে এটির উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ।
গতকাল সারা দিন ধরে এ মেলা চলে। মেলাটি ছিল অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের প্রকাশিত বই ও গানের সিডি নিয়ে। সেখানে ৩৪টি স্টলে প্রায় ৭০ জন লেখকের লেখা বই একসঙ্গে পাওয়া গিয়েছিল।
রাওয়া বলছে, নতুন প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করাই এ মেলার উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুল্লাহ আবু সায়ীদ। আরও বক্তব্য দেন রাওয়ার চেয়ারম্যান মেজর এম তানিম হাসান (অব.), সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর প্রতীক ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল (অব.), ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল রাজিয়া খানম (অব.), সেক্রেটারি জেনারেল লেফটেন্যান্ট কর্নেল আমির আযম খান (অব.)।
মেলায় উপস্থিত ছিলেন বীর প্রতীক লেফটেন্যান্ট জেনারেল এম হারুন অর রশীদ (অব.), মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ আরও অনেক সাবেক সেনা কর্মকর্তা।