সিদ্দিকের 'বাংলার সিদ্দিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্দিক
সিদ্দিক

বছর দুয়েক আগে প্রথম চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছিলেন অভিনয়শিল্পী সিদ্দিক। ‘এই তো ভালোবাসা’ নামের চলচ্চিত্রে অভিনয়ও করেন সিদ্দিক। আবারও তিনি চলচ্চিত্রের চিত্রনাট্য লিখছেন। এবারের চলচ্চিত্রটির নাম ‘বাংলার সিদ্দিক’।
সিদ্দিক জানিয়েছেন, ‘বেশ কিছুদিন হলো ‘‘বাংলার সিদ্দিক’’ নামে একটি চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা শুরু করেছি। মাঝে স্ত্রী-সন্তান নিয়ে ব্যস্ত থাকার কারণে লেখার কাজটা এগোয়নি। খুব শিগগির আবারও লেখার কাজটা শুরু করছি।  ইচ্ছে আছে, আগামী বছরের শুরুর দিকে ছবিটির শুটিং করার।’
এবারের ঈদের জন্য ২৫টির মতো নাটকে অভিনয় করেছিলেন অভিনয়শিল্পী সিদ্দিক। তার মধ্যে ১৮টি নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে বলে জানান তিনি। এখন প্রস্তুতি নিচ্ছেন সামনে ঈদের নাটকের কাজ নিয়ে। এরই মধ্যে মিজানুর রহমানের পরিচালনায় একটি নাটকের কাজ শুরুও করে দিয়েছেন তিনি।
সিদ্দিক আরও বলেন, ‘বেশ কয়েকজন নির্মাতার নাটকে অভিনয়ের কথাবার্তা হয়েছে। এই ঈদে আমার নিজের লেখা এবং পরিচালনায়ও দুটি নাটক দেখতে পারবেন দর্শকরা। এগুলো হচ্ছে “মেড ইন ফরেন” ও “শিষ”।’
প্রসঙ্গত, ২০০০ সাল থেকে তারিক আনাম খানের সঙ্গে ক্যামেরার পেছনে সহকারী হিসেবে কাজ শুরু করেন সিদ্দিক। এরপর দৃক নামের একটি প্রতিষ্ঠানে অনুষ্ঠান পরিকল্পনাকারী হিসেবে যোগ দেন। ২০০৬ সালে দীপঙ্কর দীপনের ‘রুদ্র ও রোদেলার কাব্য’ নাটকের মধ্য দিয়ে প্রথম অভিনয়ে নাম লেখান সিদ্দিক। এরপর শুধুই অভিনয়ের সঙ্গে থেকেছেন সিদ্দিক। একটা সময় নিজেকে যুক্ত করেছেন নাটক পরিচালনা এবং চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গেও।