সিনেকোয়েস্ট ফেস্টিভ্যালে 'মাটির প্রজার দেশে'

যুক্তরাষ্ট্রের সিনেকোয়েস্ট চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের ছবি ‘মাটির প্রজার দেশে’। উৎসবের গ্লোবাল ল্যান্ডস্কেপ ফিচার ফিল্ম প্রতিযোগিতায় লড়বে ছবিটি।
ছবির প্রযোজক আরিফুর রহমান জানান, সিনেকোয়েস্ট ফেস্টিভ্যাল আয়োজন করা হয় সিলিকন ভ্যালিতে। শিল্প ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে মানুষের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন ঘটানোর চেষ্টা করে এই উৎসবের আয়োজকেরা। প্রতি বছর এ উৎসবের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র পরিচালকদের পরিচয় করিয়ে দেওয়া হয় নতুন নতুন সব প্রযুক্তির সঙ্গে। পরে সেগুলো নিজেদের ছবিতে ব্যবহার করেন চলচ্চিত্রকারেরা।
এর আগেও বেশ কয়েকটি উৎসবে অংশ নিয়েছিল ছবিটি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের কথা থাকলেও বিশেষ কারণে সেটি সম্ভব হয়নি। পরিচালক জানিয়েছেন, শিগগির দেশে অবমুক্ত হবে ছবিটি।
আগামী কাল ২৮ ফেব্রুয়ারি শুরু হবে সিনেকোয়েস্ট চলচ্চিত্র উৎসবের ২৭তম আসর, চলবে ১২ মার্চ পর্যন্ত। সেখানে ‘মাটির প্রজার দেশে’ ছবির চারটি প্রদর্শনীর কথা রয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, আবদুল্লাহ রানা, কচি খন্দকার, মাহমুদুর রহমান, চিন্ময় গুপ্ত, রমিজ রাজু, মাহফুজা বেগম প্রমুখ।