সিনেপ্লেক্সে জনি ডেপ ও জেমস ফ্রাঙ্কোর ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দ্য লোন রেঞ্জার’ ছবির পোস্টার
‘দ্য লোন রেঞ্জার’ ছবির পোস্টার

১৩ সেপ্টেম্বর ঢাকার স্টার সিনেপ্লেক্সে একসঙ্গে মুক্তি পাচ্ছে হলিউডের দুই ব্যবসাসফল ছবি।ছবি দুটি হচ্ছে জনি ডেপ অভিনীত ‘দ্য লোন রেঞ্জার’ এবং জেমস ফ্রাঙ্কো অভিনীত ‘ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’।দুটি ছবিই এর মধ্যে আলোচিত ছবির তালিকায় ঠাঁই করে নিয়েছে।

‘দ্য লোন রেঞ্জার’ ছবিটি গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে। গোর ভারবিনস্কি পরিচালিত এ ছবিটি মুক্তির পর থেকে আলোচিত। এ ছবিতে নতুনরূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেতা জনি ডেপ। অনেকটা ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর জ্যাক স্প্যারোর মতোই অদ্ভুত মেকআপ-গেটআপে ভক্তদের সামনে হাজির হয়েছেন তিনি। ‘দ্য লোন রেঞ্জার’ ছবিতে জনি ডেপের চরিত্রের নাম টন্টো। এক সাক্ষাত্কারে জনি ডেপ বলেছেন, ‘টন্টো চরিত্রে অভিনয় করতে পেরে সত্যি গর্ববোধ করছি। আমি সব মার্কিন শিশুকে জানাতে চাই, তারা একটি যোদ্ধা জাতির সন্তান।’

‘ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’ ছবির পোস্টার
‘ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’ ছবির পোস্টার

‘দ্য লোন রেঞ্জার’ মূলত একটি উপন্যাসের নাম। এর কেন্দ্রীয় চরিত্রকে নিয়ে পরে কমিক সিরিজ হয়েছে। ভিডিও গেম, টিভি সিরিজও হয়েছে। সবগুলোই জনপ্রিয়তা পেয়েছে। প্রায় ৩২ বছর ধরে জনপ্রিয় লোন রেঞ্জার চরিত্রটি। ওয়াল্ট ডিজনি আর জেরি ব্রাক হেইমার্সের ব্যানারে নির্মিত এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন এমি হ্যামার। তাঁর ছায়াসঙ্গী হিসেবে আছেন টন্টো চরিত্রে রূপদানকারী জনি ডেপ।

স্যাম রাইমি পরিচালিত ‘ওজ দি গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’ মুক্তি পেয়েছে এ বছরের ৮ মার্চ। ‘ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’ মূলত অস্কার ডিগসের ‘দি উইজার্ড অব ওজ’ হয়ে ওঠার গল্প। চলচ্চিত্রে দেখা যাবে, ছোট্ট শহরের একজন সার্কাসের জাদুকর অস্কার ডিগসকে। অস্কার ডিগস চরিত্রে অভিনয় করেছেন জেমস ফ্রাঙ্কো। মুক্তির পর থেকে বক্স অফিসে বেশ ভালো অবস্থান ধরে রাখলেও ছবিটি সম্পর্কে সমালোচকেরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।