সিনেপ্লেক্সে 'ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'

ইউরোপিয়ান ইউনিয়ন ও স্টার সিনেপ্লেক্সের যৌথ আয়োজনে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে ‘ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৫ ’। আগামীকাল বুধবার থেকে শুরু হবে এই চলচ্চিত্র উৎসব, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনের দিন সন্ধ্যায় এই উৎসবে প্রদর্শিত হবে মাল্টার ছবি ‘সিমশার’।
‘ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৫’-এ অংশ নিচ্ছে ১৪টি দেশের ১৫টি চলচ্চিত্র। এগুলো হলো— ‘উইন উইন’ (সুইজারল্যান্ড), ‘আ গান ইন ইচ হ্যান্ড’ (স্পেন), ‘প্যাডিংটন’ (যুক্তরাজ্য), ‘অ্যাটিলা মার্সেল’ (ফ্রান্স), ‘অ্যাটমেন’ (অস্ট্রিয়া), ‘দ্য হান্ড্রেড ইয়ারস ওল্ড ম্যান’ (সুইডেন), ‘ফিন’ (নেদারল্যান্ড), ‘দ্য অ্যাগ্রিমেন্ট’ (ডেনমার্ক), ‘লেসনস অফ আ ড্রিম’ (জার্মানি), ‘ভেসনা’ (স্লোভেনিয়া), ‘দ্য লিজেন্ড অব দ্য ফ্লাইং কাপরিয়ান’ (দ্য স্লোভাক রিপাবলিক), ‘বিফোর ফ্লাইং ব্যাক টু আর্থ’ (দ্য রিপাবলিক অব লিথুনিয়া), ‘রাফিক’ (নরওয়ে) এবং ‘দ্য আওয়ার্স অব দ্য লিনক্স’ (ডেনমার্ক)।
আগামীকাল রাজধানীর স্টার সিনেপ্লেক্সে উৎসবের উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান।
সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ২০০ টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করে উৎসবে অংশ নেওয়া ছবিগুলো দেখতে পারবেন দর্শকেরা। ছবির প্রদর্শনীর সময় পাওয়া যাবে স্টার সিনেপ্লেক্সে ওয়েবসাইটে।
ওয়েবসাইটের ঠিকানা: (http://cineplexbd.com/EU-Film-Festival-2015/)