সিনেপ্লেক্সে ‘লাইফ অব পাই’
৮৫তম অস্কারের সেরা পরিচালক অ্যাং লি পরিচালিত লাইফ অব পাই ছবিটি এবার বড় পর্দায় দেখার সুযোগ পাবেন ঢাকার দর্শকেরা। ছবিটি বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। কাল শুক্রবার ছবিটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। শুধু সেরা পরিচালক নয়, অ্যাং লি পরিচালিত লাইফ অব পাই ছবিটি এবারের অস্কার আসরে বেস্ট সিনেমাটোগ্রাফি, ভিজ্যুয়াল ইফেক্টস এবং অরিজিনাল স্কোর বিভাগেও অস্কার জিতে নিয়েছে। এ ছাড়া এবারের অস্কারে মনোনয়ন পাওয়া ছবিগুলোর মধ্যে সবচেয়ে ত্রুটিমুক্ত ছবি হিসেবেও নির্বাচিত হয়েছে লাইফ অব পাই। সমালোচকদের বিচারেও ছবিটি বেশ প্রশংসিত। বিশ্বখ্যাত টাইম সাময়িকী এক প্রতিবেদনে লাইফ অব পাইকে আরেক অ্যাভাটার হিসেবেও উল্লেখ করেছে।লাইফ অব পাই ছবির অভিনয়শিল্পীরা হলেন সুরুজ শর্মা, আয়ুস ট্যান্ডন, গৌতম ব্যালুর, আদিল হোসেন, টাবু, ইরফান খানসহ আরও অনেকে।যুক্তরাষ্ট্রে মাত্র ১২০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত লাইফ অব পাই ছবিটি গত বছরের ২১ নভেম্বর মুক্তি পায়। এখন পর্যন্ত ছবিটি আয় করেছে ৫৯৯ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।