সিনেপ্লেক্সের মূল প্রাণ হলিউডের ছবি

রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোতে ঢাউস আকৃতির হলিউডের পোস্টার লটকানো। শোভা পাচ্ছে কোনো সুপারহিরোর প্রতিকৃতি। এগুলো দেখে মনে হতে পারে, সিনেপ্লেক্সের মূল প্রাণ হলিউডের ছবি। আদতে এমনটি নয়। দেশি ছবিও ভালো হলে তার কদর আছে সিনেপ্লেক্সগুলোতে।
রাজধানীর মাল্টিপ্লেক্সগুলো হলো স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও শ্যামলী সিনেমা। গত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ছবির হিসাবে দেখা গেছে, দেশি ছবির থেকে বিদেশি ছবির সংখ্যা খানিকটা বেশি। ব্লকবাস্টার সিনেমাসে দেশি ও যৌথ প্রযোজনা মিলে বাংলা ছবি ছিল মাটির প্রজার দেশে, নূর জাহান, ভালো থেকো, আমি নেতা হব, স্বপ্নজাল, বিজলি ও একটি সিনেমার গল্প। চার মাসে মোট ৭টি ছবি। অন্যদিকে হলিউডের ছবির মধ্যে ছিল মেজ রানার: দ্য ডেথ কিউর, ব্ল্যাক প্যান্থার, আ কোয়াইট প্লেস, র্যাম্পেজ, ট্রুথ অর ডেথ, অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার, ডেডপুল ২, সোলো: আ স্টার ওয়ারস স্টোরি, রেড স্প্যারো, টুম্ব রাইডার, প্যাসিফিক রিম আপরাইজিং এবং ভারতের জিও পাগলা ও চালবাজ। মোট ১৩টি ছবি।
স্টার সিনেপ্লেক্স সূত্র জানিয়েছে, তাদের মাল্টিপ্লেক্সেও হলিউডের সিনেমা বেশি। তবে দর্শকের চাহিদার ওপর ভিত্তি করে ছবির সংখ্যা বাড়ছে না। হলিউডের ছবি বেশি মুক্তি পায় বলে এখানেও বেশি দেখানো হয়। স্টার সিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ছবি চলার ক্ষেত্রে ভালো ছবি গুরুত্বপূর্ণ। হলিউড কোনো বিষয় নয়। এখানে হলিউডের ছবি বেশি চলে। কারণ, বিশ্বজুড়ে যখন ছবি মুক্তি দেওয়া হয়, তখন আমরাও মুক্তি দিই। স্বভাবতই হলিউডের ছবি বেশি মুক্তি পায় বাংলা ছবির তুলনায়। তাই হলিউডের ছবি বেশি দেখানো হয়। তবে দেশি ও হলিউড দুই দিকেরই ভালো ছবির আলাদা দর্শক আছে।’
একই কথা শোনা গেল ব্লকবাস্টার সিনেমাস থেকেও। দেশি বলেই দর্শক দেখছে না, কিংবা হলিউড হলেই উপচেপড়া ভিড় হচ্ছে, এমনটি নয়। দেশি ভালো ছবি যেমন দর্শক বেশি দিন দেখেছে, তেমনি বিদেশি ভালো ছবিও দেখছে তারা। যমুনা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) জাহিদ হোসেন চৌধুরী বলেন, হলিউডের যে সিনেমাগুলো বিশ্বজুড়ে বিখ্যাত, সেগুলো এখানেও ভালো চলে। তবে হলিউডের সব সিনেমাই যে ভালো চলে, এমনটি নয়। এমনকি ব্লকবাস্টারে এ পর্যন্ত সর্বোচ্চ বেশি দিন চলেছে দেশি সিনেমাই। আয়নাবাজি চলচ্চিত্রটিকে এখনো দেশি-বিদেশি কোনো সিনেমাই টপকাতে পারেনি।
অন্যদিকে দেশে বেশি বেশি ভালো সিনেমা তৈরি না হওয়ার কারণেও বিদেশি ছবি দর্শকের আগ্রহের বিষয় বলে মনে করে শ্যামলী সিনেমা কর্তৃপক্ষ। তারা এর আগে হলিউডের সিনেমা দেখায়নি। তবে রমজান মাসে ছবি না থাকায় এবার দুটি সিনেমা চালাচ্ছে। এদিকে মাল্টিপ্লেক্সগুলোর গত বুধবারের ছবির শিডিউল ঘাঁটলে দেখা যায়, এই রমজানে দেশি ছবি নেই বললেই চলে। স্টার সিনেপ্লেক্সে চলছে ডেডপুল ২, রেনেগেডস, স্বপ্নজাল, সোলো: আ স্টার ওয়ারস স্টোরি (থ্রিডি), অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (থ্রিডি)। যমুনা ব্লকবাস্টার সিনেমাসে চলছে অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (থ্রিডি), ডেডপুল ২, স্বপ্নজাল, আ কোয়াইট প্লেস, সোলো: আ স্টার ওয়ারস স্টোরি। শ্যামলী সিনেমায় চলছে ডেডপুল ২ ও অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার। দেশি একটি ছবি ছাড়া বাকি সব হলিউড ছবি। শ্যামলী সিনেমার হাউস ম্যানেজার আহসানউল্লাহ বলেন, ‘আমরা দেশি সিনেমাকেই বেশি প্রাধান্য দিই। কিন্তু দেশি সিনেমা তো কম তৈরি হয়। ভালো ছবিরও অভাব। তাই হলিউডের ছবির জন্য দর্শকেরাই ফোন করেন। এদিকে ছবি না চালাতে পারলে তো হল টিকবে না।’
তবে মৌসুমি সময়ে বা উৎসবের সময়ে দেশি ছবির বেশ চাহিদা থাকে। এই সময়ে বেশ কিছু মৌসুমি দর্শক পাওয়া যায় মাল্টিপ্লেক্সে। এই মৌসুমি দর্শকদের পছন্দের তালিকায় দেশি ছবির প্রাধান্য থাকে বেশি। মাল্টিপ্লেক্স সূত্রগুলোর এক কথা, দেশি হোক বিদেশি হোক, ভালো গল্প ও মেকিংই পছন্দ করে দর্শকেরা। এফডিসি ফর্মুলাকেন্দ্রিক ছবি থেকে বেরিয়ে একটু ব্যতিক্রমী ছবিগুলো বেশ ভালো চলে। এর মধ্যে আয়নাবাজি, ঢাকা অ্যাটাক, স্বপ্নজাল, হালদা উল্লেখযোগ্য। অন্যদিকে থ্রিডি ও সুপারহিরোভিত্তিক ছবিগুলোরও বেশ চাহিদা আছে।