সিনেবাজার সরগরম...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোরগোরায় ঈদ। ব্যস্ত সিনেমা ও নাটকপাড়ার কলাকুশলীরা। ঈদ উৎসবে দর্শকদের বিনোদন দিতে দিন-রাত চলছে শুটিং। অবশ্য সিনেমার কাজ শেষ হয়েছে আগেই। এখন ব্যস্ত শেষ মুহূর্তের কাজ ও প্রচারণা নিয়ে। নাটকের স্পটগুলোতে চলছে পুরোদমে শুটিং। ঈদের আগেই যেন ঈদ লেগেছে এখানে। এই ব্যস্ততা চলবে চাঁদরাত পর্যন্ত। সিনেমা মুক্তির ব্যস্ততা এবং নাটকপাড়ার ব্যস্ততা নিয়েই আমাদের এই আয়োজন
.
.

মাস তিনেক আগের ঘটনা। সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি শিকারি এই ঈদে মুক্তি পাবে। ঈদে ছবিটি মুক্তি দিতে হলে নায়ক শাকিব খানের শিডিউল লাগবে অন্তত টানা ৪০ দিন। কিন্তু তাঁর হাতে অন্য যেসব ছবি আছে, তাতে ঈদের আগে শিকারি ছবির শুটিং শেষ হবে না। তাহলে উপায়?

ছবিটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে শাকিবের হলো বৈঠক। অন্য ছবির প্রযোজকদের সঙ্গে দেনদরবার করে শেষ পর্যন্ত শিডিউল বের হলো। আর দেরি নয়, শাকিব ছুটলেন কলকাতায়। শুরু হলো ঈদের ছবির শুটিং। শুটিং শেষ হলেও বাকি রইল গান। সেগুলোর দৃশ্য ধারণ হবে যুক্তরাজ্যে। ওদিকে বাংলাদেশে বসগিরির শুটিং করতে হবে। দ্রুত দেশে ফিরে শাকিব সপ্তাহ খানেক বসগিরির কাজ করে উড়াল দিলেন যুক্তরাজ্যে।

সম্রাট ছবির একটি দৃশ্য। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও কলকাতার অভিনেতা ইন্দ্রনীল
সম্রাট ছবির একটি দৃশ্য। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও কলকাতার অভিনেতা ইন্দ্রনীল

ঈদের সম্ভাব্য একটি ছবির শুটিং ব্যস্ততার একটি চিত্র পাওয়া গেল এতে। এবারের ঈদের অন্য ছবিগুলোর কাজ শুরু হয়েছিল বছর খানেক আগেই। চলচ্চিত্রের হিসাব-নিকাশ ভিন্ন। ঈদের ছবিগুলো বড় বাজেটের, নির্মাণ পরিসরও অন্য সময়ের ছবিগুলো থেকে বেশ বড়। তাই অন্তত এক বছর বা ছয় মাস আগ থেকে সেসবের কাজ শুরু করে দিতে হয়।
এবারের ঈদে মুক্তি পেতে পারে এমন আরও তিনটি ছবির খবর পাওয়া গেছে। ছবিগুলো হলো মেন্টাল, বাদশা ও সম্রাট। প্রায় দেড় বছর আগে শুটিং শুরু হয় মেন্টাল-এর। সম্রাট-এর শুটিং শুরু হয় প্রায় আট মাস আগে। ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শুটিং, ডাবিং ও সম্পাদনার কাজ শেষ।
তবে এখনো সব কটি ছবি সেন্সর ছাড়পত্র পায়নি। গেল সপ্তাহে কেবল ছাড়পত্র পেয়েছে মেন্টাল ও শিকারি। আর গত সপ্তাহেই সেন্সরে জমা পড়েছে সম্রাট ও বাদশা।
জমজমাট ছবিপাড়া
‘ছবিপাড়া’ কাকরাইল এখন মুখর। প্রযোজক, পরিবেশক ও বুকিং এজেন্টদের দপ্তরে ঈদ এসে গেছে। সারা দেশ থেকে আসছেন বিভিন্ন প্রেক্ষাগৃহের মালিক, কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের মধ্যে প্রতিযোগিতা—কে কত বেশি রেন্টাল ও কমিশন দিয়ে ছবি নিতে পারেন। চলছে এই নিয়ে দর-কষাকষি। প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান রিদ্ধি টকিজ থেকে মুক্তি পাচ্ছে মেন্টাল। এরই মধ্যে প্রায় ১৮৭টি প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনী চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিক সুমন দে। তিনি বলেন, ‘ঈদের আগের দিন পর্যন্ত আমরা বুকিং নেব। টার্গেট ২০০ হল।’

সম্রাট পরিবেশনায় আছে টাইগার মিডিয়া। অন্যতম পরিচালক জাহিদ হাসান জানালেন, এবার লক্ষ্য ১০০ হল। ইতিমধ্যে ৬০টির বুকিং হয়ে গেছে।
শিকারি ও বাদশার চূড়ান্ত পর্বের কাজ চলছে। তাদের লক্ষ্য কমপক্ষে ১০০ হল।

ইউটিউবেও ঈদ
ঈদের আনন্দ ছড়িয়েছে ইউটিউবেও। একটি একটি করে ঈদের সম্ভাব্য ছবিগুলোর গান প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। আগে থেকেই ছবির খবর পৌঁছে যাচ্ছে দর্শকদের কাছে। মেন্টাল-এর গান ইউটিউবে এসেছে বেশ আগে। এ সপ্তাহে এল শিকারির গান ‘হারাবো তোকে’, সম্রাট-এর ‘রাত ভোর’। দুটিই দর্শকদের মন কেড়েছে।

রঙিন পোস্টারের বাহার!
ঈদের ছবি নিয়ে পোস্টার ছাপাখানাও দারুণ ব্যস্ত। একাধিক ছাপাখানায় চলছে পোস্টারের নকশার কাজ। যেকোনো মুহূর্তে শুরু হয়ে যাবে ছাপা।
প্রায় ৫১ বছর ধরে পোস্টার ছাপছে ডিকেডি ক্রিয়েটিভ। কর্ণধার বিদেশ কুমার ধর বলেন, ঈদের ছবির পোস্টারের কাজ শুরু হয় দেড় মাস আগে। ডিজাইন ও কারেকশন শেষে ছাপা শুরু হয়। প্রতিটি ছবির জন্য এক থেকে দেড় লাখ পোস্টার ছাপেন তাঁরা। ঈদের এক সপ্তাহ আগে সেগুলোয় ছেয়ে যায় পথ-ঘাট-দেয়াল, দূরপাল্লার বাসা, লঞ্চ ও ট্রেনের শরীর। পৌঁছে যায় দেশের প্রত্যন্ত অঞ্চলে। রঙিন পোস্টারে স্বপ্নের নায়ক-নায়িকাদের বড় বড় ছবি দেখে পথচারীরা একটু থমকে দাঁড়ান।