সিনেমা কমেছে এ বছরও, আগামী বছর কী হবে

গত তিন বছরে ঢাকার চলচ্চিত্রে দেশীয় ছবি মুক্তির সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। অনেক দিন ধরেই ঢাকার চলচ্চিত্রের দিন ভালো যাচ্ছে না। বছর বছর ছবি নির্মাণ বা মুক্তি কমে যাওয়ার কারণে পাল্লা দিয়ে কমছে প্রেক্ষাগৃহের সংখ্যাও। প্রেক্ষাগৃহ মালিক সমিতির হিসাবমতে, ১ হাজার ২০০ প্রেক্ষাগৃহ থেকে কমতে কমতে এখন প্রেক্ষাগৃহের সংখ্যা ৩০০-এর নিচে নেমে গেছে। উৎসবে খুলে যাওয়া হলের সংখ্যা বাদ দিলে প্রেক্ষাগৃহের সংখ্যা ২০০-এর ঘরে চলে আসবে। গত তিন বছরে ধারাবাহিকভাবে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা কমেছে। ২০১৫ সালে ৬৭টি দেশীয় সিনেমা মুক্তি পেয়েছিল। এরপর ২০১৬ ও ২০১৭ সালে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ছিল ৫৬। চলতি বছরে এখনো পর্যন্ত ৩৩টি দেশীয় ছবি মুক্তি পেয়েছে। তবে বছরজুড়ে আমদানিতে ভারতীয় বাংলা ছবি মুক্তি পেয়েছে ৯ টি। যৌথ প্রযোজনায় ২ টি। চলচ্চিত্র প্রযোজক সমিতি সূত্রে জানা গেছে, বছরের শেষ নাগাদ আরও ৩টি দেশীয় ছবি মুক্তি পেতে পারে। এর মধ্যে আলোচিত দর্শকপ্রিয় দেশীয় ছবির তালিকায় আছে সুপার হিরো, দেবী, একটি সিনেমার গল্প, পোড়ামন ২। যৌথ প্রযোজনায় মুক্তি পেয়েছে স্বপ্নজাল, নুরজাহান এবং আমদানিতে ইন্সপেক্টর নটী কে, চালবাজ ও ভিলেন ছবিগুলো।
চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চলচ্চিত্রকে ঘিরে নানা সমস্যার কারণে কয়েক বছর ধরে মুক্তি পাওয়া চলচ্চিত্রের সংখ্যা ব্যাপক হারে কমে যাচ্ছে। আতঙ্কের বিষয় হলো, চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকের ধারণা, এভাবে চলতে থাকলে বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা আরও খারাপ পর্যায়ে চলে যাবে। অনেক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাবে। পাশাপাশি নতুন বছরেও সিনেমার কোনো সুখবর নেই তাঁদের কাছে।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও প্রযোজক ইফতেখার উদ্দিন নওশাদের মতামত হলো, সিনেমার মতো সিনেমা তৈরি হচ্ছে না। ভালো গল্প নেই, পরীক্ষিত পরিচালকেরাও এখন কাজ করছেন না। লোকসান গুনতে গুনতে পেশাদার প্রযোজকেরাও সিনেমা ব্যবসা গুটিয়ে নিয়েছেন। তা ছাড়া সিনেমার মানুষের মধ্যে প্রচণ্ড রকমের দলাদলি।
ইফতেখার উদ্দিন বলেন, ‘ভালো সিনেমা নির্মিত হলে প্রেক্ষাগৃহে দর্শক আসবেন। দেবী তো ভালো চলল। পাশাপাশি সিনেমার মানুষকে দলাদলি বন্ধ করতে হবে। বর্তমান সময় বেশির ভাগ দেশীয় ছবির ব্যবসা মন্দ। এভাবে চললে ভবিষ্যতে দেশীয় সিনেমার অবস্থা আরও খারাপ হবে। নতুন বছরে আমাদের সিনেমা নিয়ে কোনো সুখবরও নেই।’
ছবি নির্মাণ কমে যাওয়ার পেছনে অনেকটা একই রকমের কারণ দেখালেন পরিচালক সমিতির সহসভাপতি মনতাজুর রহমান আকবর। তাঁর কথা, শিকারি ও নবাব ছবির পর দর্শকের রুচির পরিবর্তন হয়ে গেছে। বড় বাজেটের পরিচ্ছন্ন ছবি ছাড়া দর্শক এখন আর ছবি দেখতে চাইছেন না। তা ছাড়া এখানকার কোনো কোনো পরিচালকের নির্মাণের দুর্বলতাও সিনেমার বর্তমান অবস্থার জন্য অনেকটাই দায়ী। তিনি বলেন, ‘উন্মুক্ত পৃথিবীতে দর্শকদের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। সেই জায়গাটাই আমরা এখনো ধরতে পারছি না। এ কারণে আমাদের সিনেমার এই দুরবস্থা। আমার মনে হচ্ছে, সামনে আমাদের সিনেমা নির্মাণ আরও কমবে।’
আগে প্রতিবছর দেশীয় ও যৌথ প্রযোজনা মিলে আট-নয়টি ছবি নির্মাণ করত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। কঠিন নীতিমালার কারণ দেখিয়ে যৌথ প্রযোজনার ছবি তৈরি বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল আজিজ। তিনি বলেন, আগামী বছর ছবির সংখ্যা আরও কমবে। ভালো ছবির অভাবে সিনেপ্লেক্সগুলো ছাড়া প্রায় সব হল বন্ধ হয়ে যেতে পারে। তবে আমদানি করা ছবির কারণে অল্প কিছু হল বেঁচে থাকতে পারে।