সিনেমা চাই, ভালো সিনেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টার সিনেপ্লেেক্সর যুগপূর্তি অনুষ্ঠানে গান গাইছেন দিনাত জাহান
স্টার সিনেপ্লেেক্সর যুগপূর্তি অনুষ্ঠানে গান গাইছেন দিনাত জাহান

প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে ছারপোকার কামড় খাননি এমন সিনেমাপ্রেমী বাংলাদেশে পাওয়া মুশকিল। দেশের বেশির ভাগ প্রেক্ষাগৃহের পরিবেশ এখনো স্যাঁতসেঁতে। মশার যন্ত্রণাসহ ভ্যাপসা গরম সেসব প্রেক্ষাগৃহ থেকে বিনোদিত নয়, নাকাল হয়ে বের হতে হয় দর্শকদের। এ তো গেল ভেতরের দুর্ভোগ। বেশির ভাগ হলের প্রবেশমুখের পরিবেশও অপরিচ্ছন্ন, আছে টিকিট কালোবাজারির হয়রানি, ভাসমান যৌনকর্মীদের বিব্রতকর উপস্থিতি, যা পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে যেতে নিরুৎসাহিত করে মানুষকে। এই চিত্র কমবেশি দেশের প্রায় সব কটি প্রেক্ষাগৃহের। এসবের দায় ও ছবি-ব্যবসার মন্দায় বন্ধ হয়ে গেছে বহু সিনেমা হল। এই বাস্তবতায় মৃতপ্রায় শিল্পটিকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হয়েছেন কয়েকজন উদ্যোক্তা। রুচিশীল দর্শকদের হলমুখী করতে একই ছাদের নিচে তাঁরা গড়ে তুলেছেন একাধিক ছবি দেখার জন্য একাধিক পর্দাসংবলিত প্রেক্ষাগৃহ—মাল্টিপ্লেক্স। এগুলোর মধ্যে চলমান দুটি হচ্ছে ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস।

এক যুগে মাত্র দুটি মাল্টিপ্লেক্স

তিনটি পর্দা নিয়ে যাত্রা শুরু করেছিল ঢাকার প্রথম মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। পরে বাড়ানো হয় আরও তিনটি পর্দা, যুক্ত হয়েছে হালনাগাদ প্রযুক্তি। শুরু থেকে থ্রিডি ও ডিজিটাল ছবি প্রদর্শনীর ব্যবস্থার সঙ্গে এখন এসেছে নতুন সাউন্ড সিস্টেম। একসঙ্গে ৫০০ দর্শকের ছবি দেখার একটি হল ছাড়াও সিনেপ্লেক্সে আছে মোট ১ হাজার ৮০০ আসন। ভারতের নির্মাতা মহেশ ভাট ও রমেশ সিপ্পি ঢাকায় এলে ঘুরে গেছেন স্টার সিনেপ্লেক্স। মন্তব্য করেছিলেন, সিনেপ্লেক্সটা মুম্বাইয়ের থেকেও ভালো। ৮ অক্টোবর যুগপূর্তির আয়োজন করেছিল সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

বছর তিনেক আগে সাতটি পর্দা নিয়ে ছবি দেখাতে শুরু করেছে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস। এ ছাড়া ক্লাব মেম্বারশিপের মাধ্যমে বিশেষ সব সুবিধা দিয়ে থাকে এই মাল্টিপ্লেক্সটি। দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইন বা অ্যাপসের মাধ্যমে টিকিট কেনার সুবিধাও রেখেছে তারা। এর পরিচালক মো. আলমগীর আলম জানালেন, ফিউচার পার্কের ক্রেতারাই এখানকার মূল দর্শক। আবার শুধু সিনেমার দর্শকও ছবি দেখার পর কেনাকাটা করেন শপিং মলটিতে।

ঢাকা-চট্টগ্রামে আরও কয়েকটি

ঢাকায় আরও বেশ কয়েকটি মাল্টিপ্লেক্স চালু হওয়ার কথা রয়েছে। ধানমন্ডির সীমান্ত স্কয়ারে তিন পর্দাবিশিষ্ট একটি মাল্টিপ্লেক্স তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী বছরের মার্চে সেটি চালুর কথা রয়েছে। এটিও করছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এ ছাড়া তাদের তত্ত্বাবধানেই কক্সবাজারের কলাতলীর সৈকতসংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে তিনটি হল নিয়ে আরও একটি মাল্টিপ্লেক্স। সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, ‘পর্যটকেরা দিনে সময় কাটান সৈকতে। সন্ধ্যার পরে তাঁদের কিছুই করার থাকে না। সেটা ভেবেই সেখানে গড়ে তোলা হচ্ছে মাল্টিপ্লেক্স।’ ইতিমধ্যে হোটেল সায়মনে সিনেমা প্রদর্শনীর ব্যবস্থা চালু করেছেন তাঁরা। বাইরের কেউ চাইলেও টিকিট কেটে এখানে ছবি দেখতে পারেন। তিনি জানান, কক্সবাজারে মাল্টিপ্লেক্স উপযোগী কোনো শপিং মল নেই। এ জন্য নতুন করে অবকাঠামো গড়ে তুলতে হচ্ছে। কক্সবাজারে যে পরিমাণ পর্যটক যাতায়াত করেন, তাতে মাত্র একটি মাল্টিপ্লেক্স যথেষ্ট নয়।

ঢাকায় মাল্টিপ্লেক্স করার পরিকল্পনা রয়েছে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ারও। মুখোমুখি আলাপকালে দেশের প্রতিটি জেলায় মাল্টিপ্লেক্স গড়ে তোলার স্বপ্নের কথাও জানালেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আবদুল আজিজ। তিনি বললেন, ‘শপিং মল ও মাল্টিপ্লেক্স একটি অন্যটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মাল্টিপ্লেক্স ছাড়া মার্কেট জমবে না, মার্কেট ছাড়া মাল্টিপ্লেক্স চলবে না। মাল্টিপ্লেক্সের অবকাঠামোর জন্য দরকার অন্তত ২০ ফুট উচ্চতা। ভেতরে স্তম্ভ থাকলে চলবে না। সেটা চালু মার্কেটগুলোতে সম্ভব নয়।’ এই মুহূর্তে দেশের বিভিন্ন জেলার বন্ধ হল চালু ও ম্যানুয়াল হলগুলো ডিজিটাল করছে জাজ মাল্টিমিডিয়া।

এ ছাড়া কিছুদিন আগেও মাল্টিপ্লেক্স করার পরিকল্পনা ছিল শ্যামলী সিনেমা হল কর্তৃপক্ষের। সিনেমার ব্যবসা আরও খানিকটা বাড়লে দ্রুত তারাও এগোবে মাল্টিপ্লেক্স তৈরির পথে।

কী হবে এত মাল্টিপ্লেক্সে

মাহবুব রহমান প্রশ্ন তুলেছেন, মাল্টিপ্লেক্স চালাতে যে পরিমাণ ছবি দরকার, তত ছবির জোগান কি আছে? অনুমোদন নেই বলে ভারত, পাকিস্তান, নেপালের ছবি তো দেখানো যাচ্ছে না। শুধু ঢালিউড ও হলিউডের ছবি দিয়ে মাল্টিপ্লেক্সগুলো চালানো সম্ভব নয়।

৫২ সপ্তাহে অন্তত ৪০টি ছবি থাকলে মাল্টিপ্লেক্স চালানো লাভজনক হবে বলে জানান তিনি। আশাবাদী কণ্ঠে তিনি বললেন, ‘দেশে মাল্টিপ্লেক্সে উপযোগী ছবি ছিল না। শুধু মফস্বলের হল উপযোগী ও নির্দিষ্ট বিশেষ গোষ্ঠীর জন্য ছবি বানালে সেসব ছবি মাল্টিপ্লেক্সে দেখানো যাবে না। হলে ছবি দেখতে আসা দর্শক দুই ধরনের। একটি শ্রমজীবী জনগোষ্ঠী, অন্যটি উচ্চশিক্ষিত ও রুচিশীল। দ্বিতীয় দলটির আছে মানসম্মত গল্প, গান ও সাউন্ডসিস্টেমের চাহিদা। আমাদের নির্মাতাদের এ দুটো শ্রেণিকে এক করার চেষ্টা করতে হবে, যেটা ভারতের নির্মাতারা পেরেছেন। শহুরে বুদ্ধিদীপ্ত ও শিক্ষিত শ্রেণির রুচি খানিকটা ভিন্ন। তাঁদের রুচির সঙ্গে মিল রেখেই ছবি বানানো দরকার। এ চেষ্টা করে খানিকটা সফল হয়েছেন হ‌ুমায়ূন আহমেদ, মোস্তফা সরয়ার ফারুকী, তৌকীর আহমেদ ও গিয়াস উদ্দিন সেলি​েমরা। তাঁরা মাল্টিপ্লেক্সের দর্শকদের রুচিটা ধরতে পেরেছেন।’ সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আয়নাবাজি ছবিটি নিয়েও আশাবাদী তিনি। তাঁর মতে, ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির এই সময়ে তরুণদের রুচি ও চিন্তাধারা প্রায় একই স্তরে চলে এসেছে। মাল্টিপ্লেক্স বাঁচাতে দরকার ভালো ভালো অনেক সিনেমা। এতে মৃতপ্রায় সিনেমাশিল্পও বেঁচে উঠবে।

প্রয়োজন নিরাপত্তা ও নতুন অবকাঠামো

চলমান মার্কেট ও শপিং মলগুলোতে হঠাৎ করে মাল্টিপ্লেক্স চালু করা নিরাপদ নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা। দালানগুলো মাল্টিপ্লেক্স চালানোর কথা মাথায় রেখে তৈরি হয়নি। ফলে যেকোনো দুর্ঘটনায় একত্রে অনেক মানুষকে বের করে আনা সম্ভব হবে না। বরং অবকাঠামোয় সামান্য পরিবর্তন করে সিনেমা হলগুলোকে মাল্টিপ্লেক্সে রূপান্তর করা যেতে পারে। এ ছাড়া মাল্টিপ্লেক্সগুলোকে লাভজনক করতে হলে চাঁদাবাজি রোধ ও নিরাপত্তা জোরদার করাও জরুরি।