
বিকেল গড়িয়েছে। দুপুরের রোদের তেজ তখনো কমেনি। সেনা সিনেমা হলের সামনে দীর্ঘ সারি। বাদশা ছবির প্রদর্শনী চলছে। মহাখালী থেকে একটু এগিয়ে সৈনিক ক্লাবের কাছে এই সিনেমা হলটির পরে উত্তরা পর্যন্ত এমন সারি আর দেখতে পাওয়া যায় না। কারণ টঙ্গীতে আনারকলি ও চম্পাকলি সিনেমা হল ছাড়া এই এলাকায় আর কোনো সিনেমা হল নেই।
মহাখালী থেকে উত্তরা পর্যন্ত রয়েছে বনানী, সেনানিবাস, কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত, জসীমউদ্দীন, আজমপুর ও স্টাফ কোয়ার্টার। গত ১৯ আগস্ট স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এসব এলাকার মানুষের সিনেমা দেখার মাধ্যম কম্পিউটার ও মোবাইল। সিনেমা হল না থাকায় ছবি দেখার আগ্রহও কম। অন্যদিকে সিনেমার জায়গা দখল করেছে নাটক। ইউটিউবে নাটক দেখছেন অনেকেই। বন্ধুরা মিলে কখনো কখনো ব্লকবাস্টার কিংবা স্টার সিনেপ্লেক্সে যান। তবে সে সংখ্যা নগণ্য। ভয়ানক জ্যাম ঠেলে সিনেমা দেখতে আগ্রহী নন তাঁরা।
মহাখালী বাসস্ট্যান্ডে কথা হয় গানের সিডি বিক্রেতা মো. ইমনের সঙ্গে। মোবাইলে তিনি নাটক দেখছেন। কথা বলে জানা যায়, ইমন সিনেমা দেখেন, তবে খুব কম। জাহাঙ্গীর গেটের কাছে শাহীন সিনেমা হল ও ক্যান্টনমেন্টের মধ্যে সেনা সিনেমা হলে তিনি সিনেমা দেখেন। তবে ইউটিউবে বেশি নাটক দেখেন তিনি। ইমন বলেন, ‘প্রায় সারা দিনই ইউটিউবে নাটক দেখি।’ কেন নাটক দেখেন? এমন প্রশ্নের জবাবে ইমন বলেন, ‘সিনেমার থেকে নাটক ভালো লাগে।’
সিনেমা হল না থাকার কারণে সিনেমা দেখতেও আগ্রহ কম। অন্যদিকে ইউটিউব ও মোবাইলে খুব সহজেই নাটক দেখার সুযোগ থাকায় নাটক বেশি দেখছেন তাঁরা। মহাখালী থেকে একটু এগিয়ে সৈনিক ক্লাব। বসে বসে আড্ডা দিচ্ছেন তিন বন্ধু; সুরুজ, মানিক আর আসিফ। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা মানিক বলেন, ‘গিটার বাজাই, নাটক দেখি। ইউটিউবে সহজে নাটক দেখা যায়। এদিকে তো সিনেমা হল নাই। কম্পিউটারে মাঝে মাঝে সিনেমা দেখি।’
সিনেমা হল না থাকার পাশাপাশি সিনেমা হলের আধুনিকায়ন নিয়েও কথা বলেন তিনি। ক্যান্টনমেন্টের সেনা সিনেমা হলের কথা বললে তিনি বলেন, ‘সিনেমা হলটা আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং পর্দা আর সাউন্ড সিস্টেমটা ভালো হওয়া দরকার।’
একই কথা শোনা গেল খিলক্ষেত অধিবাসী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাতের কণ্ঠে। সিফাত বলেন, ‘সিনেমা যেমন ভালো হতে হবে, তেমনি সিনেমা হলও ভালো থাকতে হবে। এখানে তো সিনেমা হলই নেই। ব্লকবাস্টার ও সিনেপ্লেক্স ছাড়া অন্য সিনেমা হলের অবস্থা তো তেমন একটা ভালো না।’
তবে সিনেমা হল না থাকায় জ্যাম ঠেলে দূরে গিয়ে সিনেমা দেখছেন না কেউ কেউ। তাঁদের ভাষায়, সিনেমা দেখতে যদি লাগে দুই ঘণ্টা তো যেতে-আসতে লাগে তিন ঘণ্টা। এক দিন ছুটির দিন থাকে। এই এক দিনেই নিজের সব কাজ করতে হয়। অন্যদিনে এলাকার বাইরে গিয়ে সিনেমা দেখা সম্ভব হয়ে ওঠে না। খিলক্ষেত থাকেন মো. হাফিজ। তিনিও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি বলেন, ‘আসলে এই এলাকায় সিনেমা হল নেই। ব্লকবাস্টার আর সিনেপ্লেক্সে যাওয়াটা একটা ঝামেলা। আবার টিকিটের দামও একটু বেশি।’
কারও কারও ক্ষেত্রে এলাকার বাইরে গিয়ে সিনেমা দেখায় পরিবারের নিষেধও আছে। এমন একজন তামান্না। তিনি বলেন, ‘আমি টিভিতে নাটক দেখি। পরিবার থেকে এলাকার বাইরে গিয়ে সিনেমা হলে ছবি দেখতে যেতে দেয় না।’ তবে কেউ কেউ জ্যাম ঠেলেও ছবি দেখতে যান। কিন্তু কাছে থাকলে আরও বেশি ছবি দেখতেন। এমন একজন কৌশিক। খিলক্ষেত এলাকায় তিনি থাকেন। কৌশিক বলেন, ‘কাছে থাকলে দেখতাম। জ্যাম ঠেলে ফার্মগেট, বসু্ন্ধরা গিয়ে দেখতে হয়। এ জন্য ছবি কম দেখা হয়।’
সময় সংকটের কারণেও অনেকে সিনেমা হলে ছবি দেখতে যান না। সেমিস্টার পদ্ধতিতে সপ্তাহজুড়ে পড়ালেখার চাপ থাকে। বাইরে বের হলে জ্যামের কারণে চলে যায় অনেক সময়। তাই বাসায় কম্পিউটারেই সিনেমা দেখেন অনেকে। উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়পড়ুয়া সুব্রত দে বলেন, ‘কম্পিউটারে সিনেমা দেখি। সময় পাই না। টঙ্গী গিয়ে সিনেমা দেখা হয় না।’
এ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘এখানে কোনো সিনেমা হল নেই। কিন্তু সিনেমা হল দরকার। আমরাও চাই সিনেমা হল হোক। এটা তো আমাদের একটা দাবি, বিশেষ করে খিলক্ষেতে একটা সিনেমা হল দরকার।’
চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার আলী ভূঁইয়া বলেন, ‘খিলক্ষেতের দিকে সিনেমা হল করার কথা চলছে। কিন্তু সিনেমা হল বানিয়ে কী করবেন? ছবির অবস্থা তো খারাপ। মুনাফা না উঠলে সিনেমা হল তো ভাঙবেই। আগে ১৫০০ সিনেমা হল ছিল। এখন মাত্র ৩০০ সিনেমা হল। সিনেমার ওপর প্রভাব তো পড়বেই।’
তিনি আরও জানান, গুলশানে জ্যোতি সিনেমা হল ছিল। ভেঙে ফেলা হয়েছে। টঙ্গীতে আনারকলি বন্ধ হয়-হয় অবস্থা।