সিনেমা নিয়ে ব্যস্ত থাকতে চাই: রাইমা সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইমা সেন, ছবি: কবির হোসেন
রাইমা সেন, ছবি: কবির হোসেন

রাইমা সেন, ভারতের বাংলা ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনয়শিল্পী। ১৯৯৯ সালে ‘গডমাদার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর চলচ্চিত্রে অভিষেক। বাংলা ও হিন্দি ছবির পাশাপাশি তামিল এবং মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন রাইমা। সম্প্রতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত রাইমা সেন অভিনীত ‘চিলড্রেন অব ওয়ার: নাইন মান্থস টু ফ্রিডম’ যা বাংলাদেশে ‘যুদ্ধশিশু’ নামে মুক্তি পায়। আলোচিত এই অভিনেত্রী একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রের প্রচারণায় অংশ নিতে আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় আসেন। দুপুরে পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে এক ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সংবাদ সম্মেলনে রাইমা সেন বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তাঁর কিছু অংশ প্রথম আলোর পাঠকদের জন্য তুলে ধরেছেন মনজুর কাদের।

বাংলাদেশে এসে কেমন লাগছে?

খুবই ভালো লাগছে। পাঁচ-ছয় বছর পর বাংলাদেশের এলাম।

পণ্যের প্রচারণায় অংশ নিতে বাংলাদেশে এলেন...

লিজান মেহেদীর পণ্যের মাধ্যমে বাংলাদেশের কোনো বিজ্ঞাপনচিত্রে প্রথম কাজ করলাম। কাজটি করে বেশ ভালো লেগেছে। পণ্যটির প্রচারের জন্য আগে থেকেই ঢাকায় আসার কথা ছিল। অন্য রকম অভিজ্ঞতা হলো।

বাংলাদেশের যে পণ্যটির বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন আপনি কি তা ব্যবহার করে দেখেছেন?

শুটিংয়ের সময়েই আমি লিজান মেহেদী সম্পর্কে জেনেছি এবং ব্যবহারও করেছি। বিজ্ঞাপনচিত্রটির কাজের সাত দিন পরই ছিল আমার নতুন একটি সিনেমার শুটিং। আমি প্রতিষ্ঠানটির মালিকপক্ষের কাছে জানতে চেয়েছিলাম, ততদিনে মেহেদির রং উঠে যাবে তো? তাঁরা আমায় বলেছিল, হ্যাঁ উঠে যাবে। কিন্তু শেষ পর্যন্ত মেহেদির রং পুরোপুরিভাবে ওঠেনি। যদি মেহেদির গুণগত মান ভালো না হতো, তাহলে রং তো পুরোপুরি উঠে যেত, তাই না।

সংবাদমাধ্যমের মুখোমুখি রাইমা সেন ছবি: কবির হোসেন
সংবাদমাধ্যমের মুখোমুখি রাইমা সেন ছবি: কবির হোসেন

সম্প্রতি আপনার অভিনীত ‘যুদ্ধশিশু’ বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়েই ছবিটির কাহিনি। ছবিতে অভিনয় করার সময় কোনো চাপ অনুভব করেছেন কি?
প্রথমদিকে যখন ছবিতে কাজ শুরু করেছিলাম তখন কিছুটা চাপ কাজ করত। কিন্তু এখন তা একেবারেই না। এটা যেহেতু বাস্তব প্রেক্ষাপট নিয়ে নির্মিত ছবি, তাই এ ছবিতে অভিনয়ের জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেক পড়াশোনা করে এবং ছবি দেখে জানতে হয়েছে।

যুদ্ধশিশু মৃত্যুঞ্জয় দেবব্রতর প্রথম ছবি। একজন নতুন নির্মাতার সঙ্গে কাজ করতে কেমন লেগেছে?

আমি অনেক নতুন নির্মাতার সঙ্গে কাজ করেছি। ‘যুদ্ধশিশু’ ছবির পরিচালক মৃত্যুঞ্জয় দেবব্রতর সঙ্গেও কাজ করে ভালো লেগেছে।

আপনি একসময় মুম্বাইয়ের ছবিতে অনেক কাজ করেছেন। কিন্তু ইদানীং টালিগঞ্জের ছবিতে বেশি দেখা যাচ্ছে...

বাংলা ছবি এখন কিন্তু অনেক ভালো হচ্ছে। অনেক ভালো ভালো নির্মাতার ছবিতে আমি কাজ করতে পারছি বলে করছি। কিন্তু মুম্বাইয়ের ছবির কাজ যে বাদ দিয়েছি, তেমনটা নয়। মুম্বাইতে আমার আরও দু-তিনটা ছবি রিলিজের অপেক্ষায় আছে। আরেকটা কথা, মুম্বাইতে খারাপ ছবিতে অভিনয় না করে কলকাতায় ভালো ছবিতে কাজ করতে চাই। তাই কলকাতার বাংলা ছবিতে ইদানীং কাজ করা হচ্ছে বেশি।

রাইমা সেন, ছবি: কবির হোসেন
রাইমা সেন, ছবি: কবির হোসেন

আপনার মা মুনমুন সেন রাজনীতিতে যোগ দিয়ে নির্বাচিতও হয়েছেন। মায়ের ধারাবাহিকতায় আপনার কি রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছে আছে?
এখন আমি সিনেমা করছি। সিনেমা নিয়ে ব্যস্ত থাকতে চাই। ভবিষ্যতের কথা তো আর বলা সম্ভব না। আগে দেখি মা কী করেন। তারপর না হয় সিদ্ধান্ত নিব।

বাংলাদেশের ছবিতে অভিনয়ের ইচ্ছে আছে কি?

বাংলাদেশের ছবি করব, যদি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার হয়। এতে করে দুই দেশের মানুষ ছবিটি দেখতে পাবে।

সদরঘাট নামে বাংলাদেশের একটি ছবিতে আপনার কাজ করার কথা শুনেছি...

হ্যাঁ। ওটা হবে, কিন্তু এ বছর না। পরের বছর কাজ শুরু হবে শুনেছি।

মা মুনমুন সেন আর বোন রিয়া সেনকে নিয়ে কবে বাংলাদেশে আসবেন?

আমরা তিনজনই এত ব্যস্ত যে একসঙ্গে সময় বের করা সম্ভব হয়ে ওঠে না। তবে সময় সুযোগ মিললে সবাই একসঙ্গে আসতে চাই।

আপনার দিদা সুচিত্রা সেনের পছন্দের খাবার কী?

সেভাবে কোনো খাবারের প্রতি বিশেষ কোনো দুর্বলতা ছিল না। তবে দিদা সবাইকে খাওয়াতে খুব ভালোবাসতেন। নিজেও খেতে পছন্দ করতেন।

সুচিত্রা সেন আপনাকে যে নামে ডাকতেন

আদর করে ডলু নামে ডাকতেন।

বাংলাদেশে সুচিত্রা সেন অনেক জনপ্রিয়। এ ব্যাপারটি কি সুচিত্রা সেন জানতেন। আর কখনো কি আপনাদের সঙ্গে আলোচনা করতেন?

বাংলাদেশ এবং বাঙালিরা যে দিদাকে অনেক বেশি ভালোবাসেন, তা তিনি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারতেন। এগুলো তাঁর কথাবার্তায় টের পাওয়া যেত। তবে আমাদের সঙ্গে বাংলাদেশ নিয়ে সেভাবে আলোচনা হতো না।