সিনেমাকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা
এএকটা কল্পনার শহর। সেই শহরে এক বিত্তশালী পরিবার। যেখানে সদস্যসংখ্যা মাত্র চার। বৃদ্ধ এ টি এম শামসুজ্জামান, নাতি শাকিব খান, তাঁদের পরিবার-সহযোগী আফজাল শরিফ এবং একজন গৃহকর্মী সারভেন্ট। নাতি-নানার মধুর সম্পর্ক, ওরা দুজনই প্রেমের পাঠশালার নবীন ছাত্র। যেখানে প্রেম, সেখানেই এ টি এম শামসুজ্জামান ও শাকিব খান। প্রেমরোগে আক্রান্ত এই দুই যুব-বৃদ্ধের গল্পে অনুষঙ্গ হয়ে এসেছে তিন প্রধান নারী চরিত্র, যাদের মনোভূমিতে প্রেম নামক সজীব বৃক্ষটির চাষবাস সবে শুরু। এদের একজন নদী, মধ্যবিত্ত ঘরের মেয়ে; রুমানা শহরের ডন হিটলারের একমাত্র বোন ও পূর্ণিমা।গল্পের উপাদান হিসেবে, কখনো চরিত্রের সংগতি রক্ষায় অথবা উদ্দীপনা রেখা সৃষ্টিতে এসেছে হিটলারের (মিশা) সহযোগীরা এবং স্কিন বেল্টে বাঁধা কুকুর। এত সব চরিত্র আয়োজনে গল্পের ভিজ্যুয়াল মাত্রা ও গতি বাড়াতে অ্যাকশন, ধ্বংস ও রক্তপাত। খলনায়কদের আক্রমণ কখনো অতি আক্রমণ। এসব উপাদান একটি পপুলার সিনেমার সারা বিশ্ব স্বীকৃত-উপাদান। কারণ, বাণিজ্যিক ছবির একজন নির্মাতা কখনো তাঁর সেলুলয়েডে বাস্তবতার প্রতি আন্তরিক থাকতে পারেন না। তাঁকে মনোযোগী হতে হয় সিনেমা প্রোডাক্টের প্রতি, যা পরান যায় জ্বলিয়া রে ছবির পরিচালক অতীব আন্তরিকতার সঙ্গে করেছেন এবং বাণিজ্য খুঁজতে গিয়ে ছবির কাহিনিকারের প্ররোচনায় পরিচালক বারবার নায়ককে নিয়ে গেছেন ফ্যান্টাসি কিংডম বা অন্য কোনো বিনোদনপার্কে, যেখানে সখী অথবা বডিগার্ড পরিবেষ্টিত নায়িকাদের সাক্ষাৎ পাওয়া যায়। ঢাকা নগরের আর কোনো স্থান নেই, যেখানে মিলন-সাক্ষাৎ হওয়ার সুযোগ আছে। শাকিব খান বোধ উপলব্ধির পূর্ণ পর্যন্ত তার ক্রিয়াকলাপ ইভ টিজিংকে উৎসাহিত করেছে। যদিও সিরাজ হায়দার একটি পুলিশ অফিসার চরিত্রের উপস্থিতি ঘটিয়ে পরিচালক সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন। প্রধান চরিত্র শাকিব খান প্রেম করে মেয়েদের ঠকান।এর ব্যতিক্রম ঘটল, নদী, রুমানা থেকে পূর্ণিমার চক্ষুদর্শন পর্যন্ত। পূর্ণিমাকেই তার চাই। আর পূর্ণিমাও অপেক্ষায় ছিল বড় বোন নদীর আত্মহনন ও ব্যর্থ প্রেমের প্রতিশোধ নিতে। অন্যদিকে ঐতিহাসিক নিষ্ঠুর চরিত্র ‘হিটলার’ নামকরণে মিশা সওদারগর তার দলবল নিয়ে অপেক্ষমাণ একমাত্র বোন রুমানার সঙ্গে প্রেম প্রতিষ্ঠার সংগ্রামে। গল্প টেনে নিতে কাহিনিকার এতে ভয়, সংশয়, আশঙ্কা এবং যুগোপযোগী উত্তেজনার মিশেলে এক দ্বন্দ্ব-বিদ্বেষের বিপ্রতীপ স্রোত সৃষ্টি করেছে। তবুও যেন কোথাও হিসাবের গরমিল চিরাচরিত বিনোদন-মুগ্ধতার অঙ্কে। পপুলার সিনেমার দর্শকেরা শুধু কি চোখের পাতা টান রেখে দৃশ্যাভিঙ্গতাই অর্জন করতে চায়! চরিত্র বিশ্লেষণে যদি বলা যায়, খান সাহেব নামক বিশাল বিত্তবান এ টি এম শামসুজ্জামানের প্রেম-প্রাবল্যের তারুণ্যে এবং নাতি শাকিব খানের প্রতি তার অযৌক্তিক তৃপ্ততায়, অভ্যন্তরীণ স্নেহ কলুষতায় দৃষ্ট করেছে বলে যদি দর্শক ভাবে, তাহলে অতিরঞ্জিত হবে না। তবুও বিয়ের প্রস্তাব দিতে এসে পূর্ণিমার সঙ্গে বাগিবতণ্ডায় এ টি এম শামসুজ্জামান নিজেকে প্রকাশ করে মহা প্লাবন থেকে বাঁচার চেষ্টা করেছে। অভিনয়ের অতিদূষণমুক্ত ছিল বলেই পরান যায় জ্বলিয়া রে ছবির প্রধান চরিত্রগুলো পর্দায় প্রাণবন্ত ছিল। ছিল পোশাক-পরিচ্ছদে আধুনিক রুচি-স্নিগ্ধতা। বাণিজ্য উপাদান হিসেবে ছবির গানগুলোর দৃশ্যসৌন্দর্য ছান্দিকতা এবং সেট লোকেশনে নির্বাচন, বেশ নান্দনিকতার প্রকাশ পেলেও কোরিওগ্রাফিক্যাল রিদম বা ছন্দ কখনো কম্পোজিশন গানে-গানে রিপিটেশন কিছুটা পীড়াদায়ক। পূর্ণিমা-শাকিবের শেষ প্রেম-সংগীত ‘তোমার অন্তরে আমার বাড়ি ঘর...’ গানটির কথা ও সুর এক ভিন্ন মাত্রা যোগ করেছে। যদি গানটির চিত্রায়নে দুজন শিল্পীর একাত্মতাকে প্রাধান্য দিয়ে পার্শ্বচর শিল্পীদের বিয়োগ রাখা যেত। পরান যায় জ্বলিয়া রে ছবিটিকে যদি প্রেমের ছবি হিসেবে দাঁড় করাতে চাই, তবে কিছুটা ভ্রান্তি থাকবে। গল্প তন্তুজালে অ্যাকশন এসে গেছে, যা বর্ধিত দাবি না করতে পারলেও প্রয়োগ উদ্দেশ্য বৃথা নয়। গানের চিত্রায়নে ক্যামেরার ভাষা কাব্যময়তা সৃষ্টি করেছে। দুর্বল কাহিনি গ্রন্থনায় হোক, সংলাপ চাতুর্যের অভাবেই হোক অথবা সিনেমা দর্শক এবং পর্দায় উপস্থাপিত পারিপার্শ্বিক পরিবেশ-বিমুখতার কারণে একজন বাণিজ্যসফল পরিচালক হয়েও পরান যায় জ্বলিয়া রে ছবির পরিচালক ছক মেলানো অঙ্কে কিছু বাধা ও ব্যর্থতার মুখোমুখি হয়েছেন। শুধু তারকামূল্য ভাবনায় গল্পের ডান পাশ, বাম পাশ ভাবনার অবসর তাঁর কম ছিল। এক বিশাল শূন্যতার মধ্যে, বলয়-কঠিন সীমাবদ্ধতার মধ্যে বাংলাদেশের নির্মিত ছবিতে সব পেয়েছি, আনন্দপ্রাপ্তি খুবই দুর্লভ। তবুও বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা থেকে পরান যায় জ্বলিয়া রে ছবির পরিচালক সোহানুর রহমান সোহানের যাত্রাপথ অস্বীকার করার সুযোগ নেই।