সিনেমাপাগল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি নাটক থেকে ছুটি নিয়েছিলেন কেবল সিনেমার টানেই। সম্প্রতি শেষ করেছেন ‘ছায়া-ছবি’র কাজ। বড়পর্দার কাজ হাতে এসেছে আরও। শুভর স্বপ্ন এখন শুধুই সিনেমা।শুভর কথা শুনলে মনে হবে ছেলেটা একটু খ্যাপাটে। একটু খেয়ালি। তেমন না হলে কি আর টিভি নাটকের ভরা মৌসুমে কেউ অভিনয় বন্ধ করে?দুই বছর ধরে ধারাবাহিক নাটকে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন?যেখানে রোমান্টিক নায়কের আকাল, সেখানে কিনা শুভ ঘরে বসে থাকেন! কতজন বোঝাল তাঁকে। কিন্তু শুভ শোনেন না কারও কথা। কিন্তু কেন?শুভ সিনেমাপাগল। সিনেমা তাঁকে পেয়ে বসেছে। ঘুমের মধ্যেও শুভ এখন সিনেমার সংলাপ আওড়ান।মাঝেমধ্যে শুভর মা দরজার কড়া নেড়ে জানতে চান, ‘শুভ, ও শুভ, তোর কী হয়েছে?’ঘোর কেটে গেলে শুভ বলেন, ‘মা, কিছু না। সিনেমার সংলাপ বলছি।’ মা হাসেন।শুভাকাঙ্ক্ষীরা শুভকে বলেন, সিনেমার অবস্থা ভালো নয়। এই সময় শুভ সিনেমায় সফল না হলে...।শুভ একদমই শুনতে চান না এমন কথা।আজ থেকে বেশ কয়েক বছর আগে বাসে চেপে ঢাকা শহরের পথে রওয়ানা হয়েছিলেন তিনি। সেদিন কি ভেবেছিলেন, তিনি আজকের আরেফিন শুভ হবেন?ঢাকায় এসে র‌্যাম্প মডেল হলেন। পকেটে টাকা ছিল না। তাই প্রশিক্ষণ নিতে পারেননি। নীলক্ষেতে গিয়ে পুরোনো ম্যাগাজিনের পাতা উল্টিয়ে নামি মডেলদের ছবি দেখতেন। তারপর বাসায় গিয়ে নিজে নিজেই চেষ্টা করতেন। এভাবেই হয়ে গেলেন র‌্যাম্প মডেল। রেডিও ফুর্তিতে কথাবন্ধুর কাজ নিলেন। শুভর কথা শুনে অনেকেই জানতে চেয়েছে, এর আগে তুমি কোথায় কাজ করেছ। শুভ হেসে বলেছেন, কোথাও না। কেউ কি আর বিশ্বাস করে?নাটকে অভিনয় করতে গেলেন শুভ। প্রথমেই শুনতে হলো বেশ কিছু নেতিবাচক কথা। ছেলেটা না রোমান্টিক সংলাপ বলতে পারে না। ওর গলার স্বরটা না মোটা। এ রকম আরও কত কী!শুভ কিছু বলেননি। এক বছর পর শুভর অভিনয় দেখে একজন সিনিয়র অভিনয়শিল্পী শুভকে বললেন, ‘এই, তুমি কোন দলে অভিনয় করো?’ শুভ এবার মাথা উঁচু করে বলেন, ‘কোনো দলে কাজ করি না। নিজের আদলে অভিনয় করি।’শুভ এই গল্প শোনালেন দুটি কারণে। প্রথমত, তিনি বলতে চান, এখন পর্যন্ত যে কাজগুলো করেছেন, প্রতিটিতেই সফল হয়েছেন। দ্বিতীয়ত, যেকোনো চ্যালেঞ্জিং কাজ করার মধ্যে তিনি আনন্দ খুঁজে পাবেন।শুভকে প্রশ্ন করি, নাটক থেকে সিনেমায় অনেকেই এসেছেন। হুমায়ুন ফরীদি ছাড়া তেমন কেউই সফল হননি। তখন সিনেমার অবস্থা ভালো ছিল। এখন সিনেমায় কঠিন মন্দা। তার পরও কেন এই ঝুঁকি?‘এ কথা ঠিক যে সিনেমায় হুমায়ুন ফরীদি ছাড়া আর কেউ সফল হননি। যাঁরা সফল হননি, তাঁদের অনেক ঘাটতি হয়তো ছিল। আমি এখানে কাজটা করতে আসছি সব জেনেই। ভালো নাচতে পারি, ফাইট জানি, অভিনয়টাও খারাপ করি না। কেন দর্শক আমাকে নেবে না। দর্শক যেমন ছবি দেখতে চায়, আমি এখন সে ধরনের ছবিতে কাজ করছি। তাই আমার আত্মবিশ্বাস অনেক বেশি।‘আজকে আমি দুই বছর ধরে কোনো ধারাবাহিক নাটকে কাজ করি না শুধু সিনেমার জন্য। আমার কোনো গাড়ি কেনার সামর্থ্য হয়নি। রিকশায় এখনো চলাচল করি। যদি দুই বছর কাজ করতাম, প্রতিদিন যে টাকা পেতাম, সেই টাকায় গাড়িটা কেনা হতো। তাতেও দুঃখ নেই। সিনেমার জন্য আমি আরও অনেক বড় কিছু বিসর্জন দিতে রাজি আছি।’ বলছিলেন শুভ।এবার শুভর সিনেমা সম্পর্কে কিছু তথ্য দেওয়া যায়। শুভ জাগো ছবিতে প্রথম অভিনয় করেন। এরপর এনামুল করিম নির্ঝরের নমুনাতে অভিনয় করেন তিনি। সেই ছবিটি আর আলোর মুখ দেখেনি। সালাউদ্দিন লাভলুর ওয়ারিশ ছবিটির কাজ শুরু হবে হবে করে শেষ পর্যন্ত হয়নি। তবু হাল ছাড়েননি শুভ। এরপর তিনি মোস্তফা কামাল রাজের ছায়া-ছবি সিনেমায় কাজ করার সুযোগ পেলেন। এ ছবির শুটিং শেষ করেছেন তিনি। সামনেই শুভ সোহানুর রহমান সোহানের একটি ছবির কাজ শুরু করবেন।শুভর কাছে প্রশ্ন ছিল, সিনেমায় সফল না হলে কী করবেন?শুভর সরাসরি উত্তর, বিফল হওয়ার কোনো কারণ নেই। আবার জানতে চাইলাম, এই উন্মাদনা কত দিন চলবে?শুভ হাসতে হাসতে বলেন, ‘যত দিন আছি, তত দিনই আমার এই উন্মাদনা চলবে। আমার কোনো পিছুটান নেই। ব্যক্তিজীবন নিয়ে ভাবি না। মানুষের জীবনে অ্যাফেয়ার আসে, কারওটা থাকে, কারওটা চলে যায়। টিভি নাটকে কাজ করতে এসে সে রকম কিছুটা হয়তো হয়েছে। অবশ্য লোকে অনেকটা বাড়িয়ে বলেছে। সেই সম্পর্কটা চলে গেছে। অনেকেই কষ্ট পায়। আমি সেই কষ্টটা পাইনি। বরং মনে হয়েছে, জীবনে অনেক কিছু আসবে, যাবে, আর তাতেই জীবনের রং বদলাবে। হা... হা... হা...।’