সিনেমাপ্রেমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর পরিচয়, তিনি একজন শিল্পপতি। তরুণ উদ্যোক্তা। ব্যবসা নিয়ে ঘুরে বেড়ান সারা দুনিয়া। তবে সিনেমা দেখার পোকা বলা যায় তাঁকে। যেখানেই যান, সেখানেই সিনেমা দেখেন। খুঁজে বের করেন সিনেমা হল। সংগ্রহ করেন নানা ধরনের সিনেমার ডিভিডি। এম এ জলিল অনন্ত মনস্থির করেন, দেশে সিনেমা প্রযোজনা করবেন, অভিনয় করবেন এবং রুগ্ণ সিনেমা-শিল্পে টাকা বিনিয়োগ করবেন।অন্যদিকে বর্ষার আগমন হয়েছিল একটি নাটকের মাধ্যমে। কিন্তু বড় পর্দা তাঁকে স্বাগত জানিয়েছে। খোঁজ—দ্য সার্চ ছবি দিয়ে অনন্ত ও বর্ষার অভিষেক হয় ভালোভাবেই। প্রথম সিনেমা দিয়েই এ জুটি দর্শকদের মনোযোগ কেড়ে নেয়। এরপর হূদয় ভাঙা ঢেউ ছবি দিয়ে তাঁরা আবারও সফলতা পেলেন। এখন সেন্সরে জমা পড়বে অনন্ত অভিনীত স্পিড ও অনন্ত-বর্ষা জুটির মোস্ট ওয়েলকাম ছবি। মোস্ট ওয়েলকাম ছবিতে আরও অভিনয় করেছেন মুম্বাইয়ের লাকি সিনেমা-খ্যাত নায়িকা স্নেহা উলাল।জানতে চাইলাম, দেশে সিনেমার বাজার সংকুচিত হয়েছে। তার পরও আপনি এত টাকা বিনিয়োগ করে ছবি বানাচ্ছেন কেন?অনন্ত বললেন, ‘ছবির মতো ছবি বানালে, বাজার ছোট হয়ে আসবে না। বাজার বড়ই আছে, আসলে আমরা দর্শকদের ভালো কিছু দিতে পারিনি বলেই আমাদের নিয়মিত সিনেমাগুলো বাজার নিতে পারছে না। এখানে ছবি তৈরি হয় যেনতেনভাবে। ছবিতে কোনো আয়োজন থাকে না। একটি ভালো গল্প, ভালো নির্মাতা, ভালো শিল্পী এবং ভালো পরিবেশনা—সবকিছু মিলিয়েই তো ভালো সিনেমা হবে। তখনই একটি ভালো বাজার সৃষ্টি হবে। আমি সেই চেষ্টাই করছি।’সফল হবেন কি?উত্তর দিলেন বর্ষা। বললেন, ‘খোঁজ—দ্য সার্চ ও হূদয় ভাঙা ঢেউ ছবির সাফল্যই কিন্তু বলে দেয় যে আমাদের এই উদ্যোগ সফল হবে। তবে শুরুতেই যে একেবারে সব বদলে ফেলা যাবে, তা কিন্তু আশা করি না। আস্তে আস্তে আবার লোকে সিনেমা হলে যাবে, সিনেমা উপভোগ করবে, এমনটাই প্রত্যাশা করি।’খোঁজ—দ্য সার্চ ছিল থ্রিলার ও অ্যাকশনধর্মী চলচ্চিত্র; হূদয় ভাঙা ঢেউ ছবি ছিল প্রেমের গল্পনির্ভর। এরপর যে ছবিটি আসছে সেটির বিষয়বস্তু কী?অনন্ত বললেন, এটি মূলত অ্যাকশন ছবি। এ ছবিতে অভিনয় করেছেন মালয়েশিয়ান একজন নায়িকা। অস্ত্র ব্যবসায়ীদের নিয়ে একটি গল্প তৈরি করা হয়েছে। এ ছাড়া এ ছবিতে অভিনয় করেছেন রাশান অভিনয়শিল্পীরা। এটি তৈরি করেছেন সোহানুর রহমান সোহান।বর্ষা জানালেন, মোস্ট ওয়েলকাম ছবিটির শুটিং হয়েছে বাংলাদেশ ও ভারতে। এটি মূলত ত্রিভুজ প্রেমের ছবি। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন।এখানেই থেমে নেই অনন্ত ও বর্ষা। জানালেন, আগামী দুই মাসের মধ্যে আরও কয়েকটি সিনেমার প্রজেক্ট নিয়ে কাজ করবেন তাঁরা। একটির পর একটি সিনেমা উপহার দিতে চান। শুধু একটি ছবি দিয়ে তো আর শিল্প পাল্টে দেওয়া যাবে না। তিনি মনে করেন, আস্তে আস্তে অন্যরাও এগিয়ে আসবেন এবং একদিন এ শিল্প অনেক বড় হবে।অনন্তর কাছে জানতে চাইলাম, অনেকেরই একটা প্রশ্ন আছে। আপনি বিত্তশালী। নায়ক হয়ে পর্দায় আসছেন কেন? ‘সিনেমা ভালোবাসি। অভিনয় ভালোবাসি। টাকার জন্য তো এখানে কাজ করতে আসিনি। তবে টাকা অপচয়ও করতে আসিনি। প্রথমত, অভিনয় ভালোবাসি এবং এ শিল্প একটা সম্ভাবনাময় শিল্প, তাই এখানে বিনিয়োগ করছি।’সঙ্গে যোগ করলেন বর্ষা, ‘আমরা দুজনেই সিনেমা নিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখি। এখন আমাদের সিনেমা থেকে যে যা অর্জন করছে, সবই কিন্তু নিজ নিজ প্রচেষ্টাতেই হচ্ছে। আমরাও এ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখান থেকেও অনেক ভালো কিছু অর্জন সম্ভব।’অনন্তর কাছে আবারও জানতে চাইলাম, শাকিব খানকে কি আপনার প্রতিদ্বন্দ্বী মনে করেন? অনেকের মধ্যেই এই আলোচনা আছে।অনন্ত হাসলেন, ‘দেখুন, শাকিব খান তো দীর্ঘদিন থেকেই কাজ করছে। সে তারকা হয়েছে। অনেক ছবি হচ্ছে তাকে নিয়ে। তাকে ঈর্ষা করব কেন? তাকে প্রতিদ্বন্দ্বীই বা ভাবব কেন? আমার সিনেমার সঙ্গে ওর ছবির কোনো মিল খুঁজে পাবেন না।’ আপনার ছবিতে অন্য শিল্পীদের দেখা যায় না কেন?অনন্ত বললেন, ‘কেন? রাজ্জাক, আলমগীর, সোহেল রানাসহ অনেক শিল্পীই তো কাজ করছেন। আর নায়ক-নায়িকার কথা যদি বলেন, তাহলে বলব, আমি যে ছবি প্রযোজনা করি, যে গল্প ও লোকেশন নেওয়া হয়, তাতে করে একজন শিল্পীর যে শিডিউল প্রয়োজন হয়, সেটি হুট করে চাইলেই কেউ দিতে পারবেন না। নায়িকা হিসেবে বর্ষা সফল, নায়ক হিসেবে আমি এরই মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছি; তাহলে বাইরে যাওয়ার আর প্রয়োজন আছে কি? তার পরও যদি গল্পের প্রয়োজনে বা চরিত্রের প্রয়োজনে কোনো নায়ক-নায়িকা নিতে হয়, নেব। যেমন, মোস্ট ওয়েলকাম ছবিতে স্নেহা উলালকে নিয়েছি।’বর্ষাও অনন্তর কথার সঙ্গে একমত পোষণ করে বললেন, ‘আমরা নিজেরাই নিজের পরিচয় বড় করে তুলে ধরতে চাই।’সম্প্রতি এ জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পরে কি তাঁরা নিয়মিত কাজ করবেন?দুজনেই জানালেন, তাঁরা কাজ করছেন এবং কোনো সমস্যা হচ্ছে না।