সিনেমার আনন্দ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎ​সব, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়নে তোলা ছবি
জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎ​সব, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়নে তোলা ছবি

‘সিনেমার এই উৎসবে আসতে পেরে আমি খুবই আনন্দিত’, বলছিলেন এহ্‌সান হেম্মাতী। ইরানের এই স্বল্পদৈঘ্য ছবির নির্মাতা প্রথমবারের মতো উৎসবে অংশগ্রহণ করেছেন তাঁর ছবি পিটিএসডি ১১ নিয়ে। দুর্ঘটনা-পরবর্তী সময়ে একটি ছেলের নানা রকমের মানসিক বিকারের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি।

দর্শকদের প্রবল আগ্রহ আর আয়োজকদের আতিথেয়তার কথা তিনি খুব কৃতজ্ঞতার সঙ্গে জানালেন। সুযোগ পেলে আবার আসার আগ্রহও প্রকাশ করলেন। উৎসবের আয়োজন নিয়ে অবশ্য কিছুটা ভিন্ন অভিমত বিশ্ববিদ্যালয় ছাত্র সাকিবের। তাঁর মতে, সিনেমা নিয়ে এত বড় উৎসবের প্রচার আরও বেশি হওয়া দরকার ছিল, যাতে আরও বেশি সংখ্যক দর্শক এই উৎসবে আসতে পারে। উৎসবের আয়োজকেরা অবশ্য দর্শক সমাগমে বেশ সন্তুষ্ট।
এমনই নানা অভিমত নিয়ে ‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’ স্লোগানের সঙ্গে রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে ঢাকার চার জায়গায় চলছে ‘১৪ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এবারের উৎসবের ৮টি বিভাগে প্রায় ৬০টি দেশের ১৭০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।
উৎসবের ৬ষ্ঠ দিনে আজকে দেখানো হবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আরোহী (ভারত), দ্য লাস্ট এক্সিকিউশনার(থাইল্যান্ড), দ্যা কিলিং অর্ডার (চীন), অনিল বাগচীর একদিন (বাংলাদেশ), মাদার’স ফেইথ, মাই ডেস্টিনি (নরওয়ে), আলিয়ঁস ফ্রসেজ মিলনায়তনে সামডে উই উইল নো (হংকং), দ্য সেভেন্থ উইশ (ভারত), বৃহন্নলা (বাংলাদেশ), টুডে (ইরান), আই হ্যাভ জাস্ট হ্যাড আ ড্রিম (স্পেন), টকিং টু দি এয়ার (আমেরিকা/নেপাল), জাতীয় জাদুঘর মিলনায়তনে দ্য ফুল(রাশিয়া), হাসট্রুয়ার (নরওয়ে), কুশুথারা (ভুটান), সুতপার ঠিকানা (বাংলাদেশ), দ্যা কফিন মেকার (ফিলিপাইন) ছবিগুলো।
উৎসব চলবে ২২ জানুয়ারী পর্যন্ত।

অর্ণব সেন