সিনেমার জুটি এবার বিজ্ঞাপনে

‘আকাশ কত দূরে’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছিলেন ফারিয়া শাহরিন ও মুস্তাফা প্রকাশ। সিনেমার সেই জুটি এবার একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন। আজ বৃহস্পতিবার থেকে ঢাকার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে একটি ইলেকট্রনিক পণ্যের এই বিজ্ঞাপনচিত্রের শুটিং শুরু হয়েছে।
২০১৪ মুক্তি পায় ‘আকাশ কত দূরে’ সিনেমা। সেই ছবিতে জুটি হয়ে অভিনয়ের পর তাঁরা দুজন খুব একটা কাজ করেননি। ফারিয়া ও প্রকাশ জুটির এই বিজ্ঞাপনচিত্রের পরিচালক রনি ভৌমিক।
নতুন করে আবারও একসঙ্গে জুটি হয়ে অভিনয় করতে পেরে খুশি ফারিয়া। তিনি বলেন, ‘আমরা দুজন একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করেছিলাম। দুজনের অনেক স্মৃতি আছে। দীর্ঘদিন পর আবার দেখা হলো দুজনের। ভালো লাগছে।’
‘আকাশ কত দূরে’ ছবিতে দুজন রোমান্টিক চরিত্রে অভিনয় করেছিলেন। ফারিয়া বলেন, ‘দুজনের ছবির প্রেম যেন নতুন করে আবার বিজ্ঞাপনের মধ্য দিয়ে পর্দায় দেখা যাবে।’
বিজ্ঞাপনচিত্রে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ফারিয়া। তাঁর মতে, বিজ্ঞাপনচিত্রের শুটিং দ্রুত শেষ হয়, কিন্তু এর মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকের কাছাকাছি থাকা যায়। কারণ টেলিভিশন চ্যানেলে এসব বারবার দেখানো হয়।’
এক বছর ধরে মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিংয়ের ওপর পড়াশোনা করছেন ফারিয়া। গত বছরের নভেম্বরে ছুটি কাটাতে দেশে এসেছেন তিনি। আবার ফিরে যাওয়ার সময় হয়েছে তাঁর। ফারিয়া জানান, যাওয়ার আগে সম্ভবত এটাই হবে তাঁর শেষ কাজ।