
এফডিসির কোনো ফ্লোরেই সিনেমার শুটিং হচ্ছে না। দুপুরের এ সময়টায় পুরো এফডিসি ঘুরে মনে হলো, পরিচালক সমিতির নির্বাচনী আমেজ এখনো কাটেনি। পরিচালক সমিতি ও শিল্পী সমিতির কার্যালয়কে ঘিরেই শিল্পী, কলাকুশলী ও পরিচালকদের আনাগোনা। হঠাৎ করেই ডাবিং কমপ্লেক্সের সামনে ঝরনা স্পট থেকে হইচই কানে এল। পরিচালক সমিতির সামনে দাঁড়ানো একজন বললেন, ‘ঝরনা স্পটে শুটিং হয়।’
কাছাকাছি যেতেই দেখা যায়, ঝরনা স্পটজুড়েই শুটিংয়ের আয়োজন। কিন্তু শুটিং আয়োজনে থাকা মানুষগুলো ঠিক এফডিসির নয়—অনন্ত হিরা, ঈশানা, আলিফ, সুরুজ, সুজাত শিমুলসহ অনেকই। সবাই-ই নাটকের মানুষ। কিন্তু আয়োজন অনেক বড়। তাহলে কি অনন্ত হিরা ছোট পর্দার তারকাদের দিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন? তখন একটি দৃশ্যধারণ চলছে। শুটিংয়ের সেই কর্মযজ্ঞ দেখতে দেখতেই বোঝা গেল এটি নাটকের শুটিং, সিনেমার নয়।
পরিচালক অনন্ত হিরা বললেন, ‘শুটিং নাটকেরই, কিন্তু এর নাম সিনেমার গল্প। মানে সিনেমার কর্মকাণ্ড নিয়েই এ নাটকের গল্প। স্বাধীনতার পর থেকে আমাদের সিনেমার যে জার্নি, তা এখানে উঠে এসেছে।’ তিনি আরও বলেন, গল্পে চলচ্চিত্রের শুটিংয়ের সময় তারকাদের আচার-আচরণ, তাঁদের সঙ্গে আসা অতিথিদের ভূমিকা এবং সিনেমায় একজন জনপ্রিয় তারকা হয়ে ওঠার সংগ্রামের গল্পসহ খুঁটিনাটি সবই আছে এখানে।
সিনেমার গল্প নাটকে সিনেমার জনপ্রিয় নায়ক ‘আরমান’ চরিত্রে অভিনয় করেছেন আলিফ। ঈশানা হয়েছেন নায়িকা ‘দৃশিকা’। শুটিং সেটে দাঁড়িয়েই কথা হলো আলিফের সঙ্গে। তিনি বলেন, গল্পে একজন সিনেমার নায়কের জীবনের জটিলতাগুলোকে দেখা যাবে। ডাবিং কমপ্লেক্স থেকে হেঁটে হেঁটে শুটিং স্পটে এলেন ঈশানা। সেটে পৌঁছালেই তাঁর কাছে জানতে চাই, নিজেকে সিনেমার নায়িকার মতো মনে হচ্ছে কি না? ঈশানা বলেন, ‘সত্যিই মনে হচ্ছে আমি পুরোই সিনেমার নায়িকা হয়ে গেছি।’