সিনেমার নায়ক খোঁজার গল্প বললেন শাওন

মেহের আফরোজ শাওনের নতুন ছবির ‘নক্ষত্রের রাত’-এর কাজ শুরুর গল্প এরই মধ্যে সবাই জেনে গেছেন। তাঁর এই নতুন ছবির নায়ক ‘ফেয়ার অ্যান্ড লাভলী মেন চ্যানেল আই হিরো, পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছেন বাঁধন। কিন্তু কীভাবে নতুন এই ছবির নায়ক খুঁজে পেলেন, সেই গল্পটা এবার জেনে নেওয়া যাক।
প্রথম আলোর সঙ্গে আলাপে শাওন বলেন, ‘আমার কাছে গল্প ঠিক করে কাজ করাটা কঠিন। আমি যা করেছি তা হচ্ছে, তাঁদেরকে টেলিভিশনে দেখার পর গল্প বাছাই করেছি। এরপর তাঁদের সঙ্গে সামনাসামনি দেখা করি, কথা বলি। মানসিকতা বোঝার চেষ্টা করি। তাঁদের পছন্দ-অপছন্দ জানার চেষ্টা করি। আমি এ-ও খুঁজছিলাম, এঁদের মধ্যে কে আসলে হুমায়ূন আহমেদকে ধারণ করে। প্রতিযোগিতার প্রধান দুই বিচারক রিয়াজ ও তানিয়া আহমেদের সঙ্গেও কথা বলি। তাঁরা জানেন, হুমায়ূন আহমেদের নাটক কিংবা সিনেমায় অভিনয় করতে কী কী যোগ্যতা প্রয়োজন। তাঁদের কাছ থেকে একটা পরামর্শও পেলাম। তাঁরা আমাকে বললেন, বাঁধনই “নক্ষত্রের রাত” সিনেমায় কাজ করার উপযুক্ত। আমার মার্কিংয়েও তাই মনে হলো।’
‘নক্ষত্রের রাত’ সিনেমায় ‘হিরো’ বাঁধন কাজ করবেন পাশা চরিত্রে। এই চরিত্রের জন্য বাঁধনকেই সবচেয়ে বেশি উপযুক্ত মনে করছেন শাওন। বললেন, ‘এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত যাঁরা টিকে ছিলেন, তাঁরা সবাই সেনাবাহিনী পরিচালিত একটা কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে গেছেন। এ কারণে তাঁরা নিজেদের অনেক উন্নতি করতে পেরেছেন। তিন-চার মাসে অনেক কৌশল তাঁরা সবাই আয়ত্ত করে ফেলেছেন। হুমায়ূন আহমেদের গল্পে যে একটা মধ্যবিত্ত ভাব আছে, সেটাও বাঁধনের মধ্যে সবচেয়ে বেশি উপস্থিত। অনেক কিছু চিন্তা করে মনে হলো বাঁধনই হতে পারেন ‘নক্ষত্রের রাত’ সিনেমার পাশা।’
‘নক্ষত্রের রাত’ সিনেমার চিত্রনাট্য তৈরি করা আছে। এ বছরের শেষের দিকে ছবিটির কাজ শুরু হতে পারে বলে জানা গেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড সূত্রে। শাওন বলেন, ‘আমার এই সিনেমার চিত্রনাট্য ২০০৭ সালে হুমায়ূন আহমেদ সাহেব নিজেই তৈরি করেছেন। আমার প্রথম সিনেমা “কৃষ্ণপক্ষ”-এর কাজ যখন করেছিলাম, তখন আমি সবচেয়ে বেশি মিস করছি হুমায়ূন আহমেদের চিত্রনাট্য। এই জায়গা থেকে আমি বলব, হুমায়ূন আহমেদের চিত্রনাট্য তৈরি থাকায় সিনেমার ৩০ ভাগ কাজ কমে গেছে।’
‘নক্ষত্রের রাত’ সিনেমায় নবাগত বাঁধনের বিপরীতে কাজ করবেন মাহিয়া মাহি।