সিনেমার পর নাটকেও নোংরামি ভর করেছে: এ টি এম শামসুজ্জামান
‘যে কারণে সিনেমা থেকে এসে নাটকে অভিনয় করছি, এখন দেখি সেখানেও একই অবস্থা। বাংলা সিনেমার এককালের হারানো গৌরব যেভাবে ধূলিসাৎ হয়েছে, আমাদের দেশের নাটকগুলোও এখন সে অবস্থায় আছে বলে আমার মনে হচ্ছে। বাংলা সিনেমা যেভাবে হায়েনাদের হাতে পড়ে নোংরা হয়ে ধ্বংসের মুখে পড়েছিল, আমাদের টিভি নাটকের অবস্থা এখন সে রকম।’ অনেকটা ক্ষোভ ও হতাশার সঙ্গে কথাগুলো বলছিলেন বাংলা সিনেমার শক্তিমান অভিনেতা এ টি এম শামসুজ্জামান।বর্তমানে নাটকে বেশ কিছু কাজ করলেও নিজেকে আপাদমস্তক সিনেমার মানুষ হিসেবেই পরিচয় দিতে বেশি ভালো লাগে এ টি এমের। সিনেমায় কাজ করার পরিবেশ পাচ্ছিলেন না। তাই একটা বিরাট আশা নিয়ে নাটকে কাজ শুরু করেছিলেন। নাটকে কাজ করতে এসে জীবনের আরও কিছু ভয়াবহ অভিজ্ঞতা অর্জন করেছেন বলেও জানান তিনি। শোভন সংস্কৃতির এই দেশে কীভাবে এ রকম একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই বোধগম্য নয় তাঁর। তিনি বলেন, ‘আমার আসলে অবাক লাগে, যখন টিভিতে বিকৃত রুচির এসব নাটক দেখতে হয়।’নাটকের মান এত খারাপ এর পরও নাটকে কাজ করেন কেন—এমন প্রশ্নের উত্তরে এ টি এম শামসুজ্জামান বলেন, ‘আমি ওই জাতীয় (যারা উদ্ভট নাটক বানায়) পরিচালকের নাটকে কাজ করি না। আমি হাতেগোনা দুই-তিনজন পরিচালকের সঙ্গে কাজ করি।তাঁরা তথাকথিত ওই সব পরিচালকের মতো নোংরা কাজ করেন না। এ ধরনের নাটক নির্মাণ যদি অব্যাহত থাকে, তাহলে ৯০ দশকের শেষ দিকে বাংলা সিনেমার যে বেহাল হয়েছিল, নাটকের একই অবস্থা দাঁড়াবে। বাংলা সিনেমাকে রক্ষার জন্য যেমন অনেক শিল্পী এবং পরিচালক-প্রযোজককে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে, নাটকের জন্যও হয়তো রাজপথে আন্দোলন করতে হবে। আর এটা যদি এখনই না করা যায়, তাহলে পরিস্থিতি যে কী পরিমাণ ভয়াবহ হবে, তা বলে বোঝানো যাবে না।’এ টি এম শামসুজ্জামান বলেন, ‘আমি যে নাটকে কাজ করি, এগুলো কি অভিনয়? এগুলো হচ্ছে শুধু মানুষ হাসানো। এর বাইরে আর কিছুই না। আমার অভিনয় দেখে হয়তো রিকশাওয়ালা থেকে শুরু করে কিছু নিম্নপর্যায়ের মানুষ সাময়িকভাবে আনন্দ পেয়ে থাকেন। কিন্তু এটা তো কোনোভাবেই করা যাবে না। আমি কিন্তু এখানে রিকশাওয়ালারদের খাটো করে দেখছি না। আমার কথা হলো নাটকের মাধ্যমে যদি সামাজিক দায়বদ্ধতার জায়গাটা পরিষ্কার করা না যায়, তাহলে সে ধরনের নাটকে অভিনয় করার তো কোনো মানে হয় না।’ তাহলে আপনারা এ ধরনের নাটকে কাজ করেন কেন—এমন প্রশ্নের উত্তরে এ টি এম বলেন, ‘আমি তো সারা জীবন অভিনয়ের পেছনে নিজেকে ব্যস্ত রেখেছি। এর বাইরে তো আমি কোনো কিছুই শিখিনি। এখন তো আমার পক্ষে মাটিকাটার কাজ করা সম্ভব না। তাই জীবিকা নির্বাহ করার জন্য হলেও আমাকে নাটকে অভিনয় করতে হয়।’তবে সাম্প্রতিক সময়ে নাটকের এমন দুরবস্থা দেখে উদ্বিগ্ন এ টি এম শামসুজ্জামান প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদের কাছে কয়েকটি প্রস্তাবও দেন। এ প্রস্তাবের মাধ্যমে এ টি এম বলেন, অন্তত তাঁরা ৫০ কিংবা ১০০ জন পরিচালক কিংবা নাট্যকারের তালিকা যেন চ্যানেলগুলোতে পাঠিয়ে দেন। এতে করে চ্যানেলগুলোর এসব পরিচালক এবং নাট্যকারের তালিকা দেখে নাটক প্রচারে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ফলে কিছুটা হলেও এ ধরনের জটিলতা থেকে নাটক রক্ষা পেতে পারে বলে মনে করেন তিনি। এটাকে অনেকটা নিবন্ধন-প্রক্রিয়ার মাধ্যমে পরিচালনা করার পক্ষপাতি তিনি। তবে নতুন কেউ আসতে চাইলে তাঁর প্রতি বিন্দুমাত্র রাগ নেই তাঁর। বরং তাঁদের স্বাগত জানাতে প্রস্তুত তিনি। তিনি এও মনে করেন, নতুনেরা সব সময় ভালো কিছু করে এটা ঠিক, কিন্তু খারাপ অনেক কিছুও তাঁরা করে থাকেন। নতুনদের মধ্যে যাঁরা ভালো কাজ করবেন, তাঁদের ওই ৫০ কিংবা ১০০ জনের পরবর্তী সিরিয়ালে যেন অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। তিনি এ প্রক্রিয়ার মাধ্যমে কিছুটা হলেও নাটকে শুদ্ধি অভিযান ফিরে আসবে বলে মনে করেন।বাংলা নাটকের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে একটি উদাহরণ দেন এ টি এম শামসুজ্জামান। তিনি বলেন, কিছুদিন আগে রক্ত পরীক্ষা করার জন্য তিনি একটি হাসপাতালে যান। তিনি বললেন, ‘সেখানে রক্তের প্রতিবেদনটা নেওয়ার সময় সেখানকারই একজন লোক আমাকে একটা ফাইল ধরিয়ে দেন। কিসের ফাইল জিজ্ঞেস করতেই লোকটি আমাকে বলেন, সেটি একটি নাটকের চিত্রনাট্য। বাসায় এসে এটি পড়ার পর আমি স্তব্ধ হয়ে যাই। নাটকের চিত্রনাট্যটি আমি এখনো সংগ্রহে রেখে দিয়েছি। এ থেকে কিছুটা হলেও বুঝা যায় বাংলা নাটকের বর্তমান অবস্থানটা কোথায়?’নাটকের অবস্থা যা-তা হলেও বাংলা চলচ্চিত্রের এখনকার অবস্থা কিছুটা ভালো বলে মনে করেন এ টি এম। তবে সেটা ষাট, সত্তর ও আশির দশকের মতে নয়। এটাকে অনেকটা মন্দের ভালো বলা যায় আর কি। তখন একটি ছবি দেখার জন্য সব শ্রেণী-পেশার মানুষ সপরিবারে সিনেমা হলে যেত ছবি দেখার জন্য। কিন্তু এখন একটি নির্দিষ্ট ঘরানার লোক ছাড়া অন্যরা সিনেমা হলে গিয়ে ছবি দেখে না।এর পরও এখন আগের চেয়ে কিছুটা হলেও ভালোর দিকে বাংলা সিনেমা। আর তাই এখন নিজেকে আস্তে আস্তে নিজেকে নাটক থেকে গুটিয়ে নিচ্ছেন। আবার ধীরে ধীরে ব্যস্ত হওয়ার চেষ্টা করছেন সিনেমায় অভিনয়ে। সাম্প্রতিক সময়ে এ টি এম শামসুজ্জামানের একটি ছবি মুক্তি পেয়েছে। শহীদুল ইসলাম খোকন পরিচালিত ছবিটির নাম হচ্ছে ‘চেহারা’। এ ছাড়া সামনে আসছে সোহানুর রহমান সোহানের ‘এ মন তোমাকে চায়’ এবং উত্তম আকাশের ‘যেমন জামাই তেমন বউ’।পরিশেষে বাংলা সিনেমার প্রতিভাবান এই অভিনেতা সিনেমা এবং নাটকপ্রেমী সবাইকে হায়েনাদের হাত থেকে নাটক এবং সিনেমাকে রক্ষা করার আহ্বান জানান।