সিনেমার প্রচারে দেশাত্মবোধক গান

মুক্তিযুদ্ধের সিনেমা ভুবন মাঝির প্রচারের জন্য দেশাত্মবোধক একটি গান রেকর্ড করিয়েছেন পরিচালক ফাখরুল আরেফীন। দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সাত শিল্পী—শিমূল ইউসুফ, বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, কোনাল, সাব্বির, সালমা ও বুশরা শাহরিয়ার। গানটির নতুন সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া।
সম্প্রতি পার্থ বড়ুয়ার মগবাজারের স্টুডিওতে গানটির কণ্ঠ ধারণের কাজ শেষ হয়েছে। গানটির নতুন করে এই সংগীতায়োজনকে পার্থ বড়ুয়া অনেক বড় ব্যাপার বলে মনে করছেন। গতকাল শনিবার এ নিয়ে তাঁর সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন তিনি ভারতের কলকাতায়। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি চেয়েছি গানটির মধ্যে একটা স্পিরিট থাকুক। সবাইকে যেন উদ্দীপ্ত করে। আমরা সবাই যতটুকু পেরেছি, মন খুলে গানটি গেয়েছি। পরে মনে হয়েছে, অন্য রকম কিছু একটা হয়েছে।’
পার্থ বড়ুয়া আরও বলেন, ‘আমি সিনেমাটা দেখিনি। তবে পরিচালকের কাছ থেকে শুনেছি। সরকারি অনুদানের এই ছবিটি মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত। যেহেতু গানের ভিডিওতে সিনেমার ফুটেজ ব্যবহার করা হবে, তাই পরিচালক যেভাবে বুঝিয়েছেন, সে রকম করেই মিউজিক করার চেষ্টা করেছি।’
ভুবন মাঝির নির্মাতা ফাখরুল আরেফীন বলেন, ‘সিনেমার প্রচারের জন্য এই গানটি ব্যবহৃত হবে। দেশের তরুণদের কাছে দেশাত্মবোধক এই গানটি দিয়ে ভুবন মাঝি সিনেমার প্রতি আগ্রহী করে তুলতে চাই। আমাদের প্রচারণা শুরু হয়েছিল পতাকা নিয়ে। শেষ হবে “ধনধান্য পুষ্পভরা” গানের আধুনিক সংগীতায়োজন দিয়ে। সিনেমায় গানটি সত্তরের দশকের স্টাইলে গাওয়া হয়েছে। প্রচারণার গানটিতে আধুনিক অনুষঙ্গ যোগ হয়েছে।’
পরিচালক জানিয়েছেন, শিগগিরই গানটির ভিডিওচিত্রের শুটিং শুরু হবে। ২১ ফেব্রুয়ারি টেলিভিশন ও ইউটিউবে গানটির ভিডিও মুক্তি পাবে। ভুবন মাঝি সিনেমার অভিনয়শিল্পীরা হলেন বাংলাদেশের অপর্ণা, মাজনুন মিজান, নওশাবা ও ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়।