শুরু হয়ে গেছে ৬৯তম কান চলচ্চিত্র উৎসব। ১০ মে বিকেলে যখন এই লেখাটি লেখা হচ্ছে, তখন কানের আকাশে ঝলমল করছে রোদ। দুদিন আকাশের টানা মন খারাপ শেষে অবশেষে মিলল সতেজ সূর্যের দেখা। গোটা দুনিয়ার সিনেমাপ্রেমীদের ভিড়ে বছর ঘুরে আবারও সরব দক্ষিণ ফ্রান্সের কান নামের শহর। বিশ্ব চলচ্চিত্রের চলমান এই মহা আসরের নানা দিক নিয়ে এ আয়োজন

মার্কিন আধিপত্য
গেলবার কান উৎসবে খানিক কথা বলার সুযোগ হয়েছিল উডি অ্যালেনের সঙ্গে। যুক্তরাষ্ট্রের সিনেমার এই অন্যতম আইকন আমার প্রশ্নের উত্তরে খুব হেলাভরে মাথা ঝাঁকিয়ে বলেছিলেন, ‘তোমার কথা কিছুই বুঝতে পারিনি।’ তারপর তৃতীয় বিশ্বের এক সাংবাদিকের সঙ্গে খুব বাজে ব্যবহার হয়ে যাচ্ছে, এই ভেবে হয়তো মন বদলেছিলেন। খানিক দম নিয়ে তাঁর ছবির মানুষগুলো ‘সম্পর্কের বেলায় কেন প্রায়শ অবিশ্বস্ত?’—এই বিষয়টার খানিক ব্যাখ্যা করেছিলেন। ব্যক্তিগত জীবনে নিন্দুকদের কাছে এই বর্ষীয়ান নির্মাতা স্রেফ একটা ‘খারাপ মানুষ।’ কিন্তু সিনেমাপ্রেমীদের কাছে নির্মাতা হিসেবে সব সময় নমস্য। এই নিয়ে

তৃতীয়বারের মতো তাঁর ছবি দিয়ে কান চলচ্চিত্র উৎসবের শুরু। উডি অ্যালেনের ক্যাফে সোসাইটি এবার উৎসবের উদ্বোধনী ছবি। এবার উডির সঙ্গে যোগ হয়েছেন হলিউড হেভিওয়েট স্টিভেন স্পিলবার্গ স্বয়ং। সাধারণত বড়সড় ব্যানারের হলিউডি ছবিতে আগ্রহ দেখায় না কান চলচ্চিত্র উৎসব। অফিশিয়াল সিলেকশনে স্পিলবার্গের দ্য বিএফজি (আউট অব কম্পিটিশন) তাই বড় একটা চমকই বলতে হবে। ইনডিপেনডেন্ট বা মুক্ত ছবির দুনিয়ার আরেক মার্কিন মহারথী জিম জারমুশও আছেন এবারের উৎসবে স্বর্ণ পামের লড়াইয়ে। প্যাটারসন নামের নিউ জার্সির এক বাসচালকের গল্প নিয়ে একই নামের ছবি জারমুশের। এ ছাড়া মাঝরাতের বিশেষ প্রদর্শনীতেও থাকছে জিম জারমুশের ছবি। যেখানে গোটা দুনিয়া কানের অফিশিয়াল সিলেকশনে একটামাত্র ছবি দেখাতে হিমশিম, সেখানে একজনের দু-দুটো ছবি? বুঝুন তাহলে জিম জারমুশ কী জিনিস! যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হয়ে প্রতিযোগিতা বিভাগে আছে অভিনেতা-নির্মাতা শন পেন (দ্য লাস্ট ফেস) ও জেফ নিকলসের (লাভিং) দুটো ছবিও।

স্বর্ণ পামের নয়া লড়াই
স্পেনের পেদ্রো আলমোদোভার (হুলিয়েতা), বেলজিয়ামের দারদেন ভ্রাতৃদ্বয় (লা ফিল), যুক্তরাজ্যের কেন লোচ (আই, ড্যানিয়েল ব্ল্যাক), ইরানের আসগর ফরহাদি (দ্য সেলসম্যান) অথবা রোমানিয়ার ক্রিস্টিয়ান মুংগিউ (গ্র্যাজুয়েশন) নাকি একদমই নতুন কেউ? প্রতিষ্ঠিতদের প্রতাপ, নাকি নতুনের জয়গান? কোন নির্মাতার ছবি জিতে নেবে উৎসবের সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণ পাম? সেটা এখন বলা অসম্ভব। তবে বরাবরের মতোই কানের প্রতিযোগিতা বিভাগ এবারও জোরদার লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। জর্জ মিলারের নেতৃত্বে বিচারকেরা এবারও দ্বন্দ্বে পড়বেন, সফল স্বর্ণ পাম শিকারির নাম চূড়ান্ত করতে গিয়ে এটা সুনিশ্চিত।

আবারও ঐশ্বরিয়া-মল্লিকা, সোনম?
ভিড়ের মধ্যে একবার দূর থেকে দেখার সুযোগ হয়েছিল ঐশ্বরিয়াকে। ঐশ্বরিয়া ঝাঁ-চকচকে গাড়ি থেকে নেমে গাউন সামলাতে সামলাতে অটোগ্রাফ দিচ্ছিলেন ভক্তদের। কেবল গতবার নয়, কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার আগমন এখন নিয়মিত ঘটনা। উৎসবে প্রতিযোগিতা বিভাগে তাঁর ছবি ছিল না কোনকালে! কিন্তু রূপে-গুণে ঐশ্বরিয়া রাই বচ্চন সব সময়ই এই উৎসবের বড় আকর্ষণ। ধারণা করা হচ্ছে, তাঁর ছবি সর্বজিত-এর প্রচারণায় এবার কানে ব্যস্ত থাকবেন বচ্চন-বধূ।
লালগালিচায় গ্ল্যামার ছড়াতে আবারও আসছেন সোনম কাপুর। এরই মধ্যে লালগালিচায় তাঁর কোন ধাঁচের পোশাক পরা উচিত, সেটা নিয়েও শুরু হয়ে গেছে আলোচনা।
ছবির প্রচার-প্রচারণা হোক আর শুধু লালগালিচায় আলো ছড়ানো হোক, কান উৎসব মানেই মল্লিকা শেরাওয়াতের সরব হয়ে ওঠা। তবে মল্লিকা এবার আগেই ঘোষণা দিয়েছেন, ‘এমনি এমনি নয়। এবার ছবির প্রচারণাতেই আসছি।’ মল্লিকার নতুন ছবিটার নাম যেন কী? ও হ্যাঁ...টাইম রেইডার্স।