সিনেমায় ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিনেমায় ফুটবল
সিনেমায় ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শুরু হয়ে গেছে। ল্যাটিন আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়াসহ বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ মেতে উঠেছেন ফুটবলে। আমেরিকানদের কাছে এ খেলা বহুদিন ছিল অপাঙ্ক্তেয়। তাই হয়তো হলিউডে ফুটবল নিয়ে বড় বাজেটের ছবি নির্মিত হয়নি। তবে ফুটবলকে ঘিরে আমেরিকা, ব্রিটেন, জার্মািন, ইরানসহ অনেক দেশেই ছবি নির্মিত হয়েছে। বলিউডও সে তালিকায় নাম লিখিয়েছে। চলুন জেনে নিই ফুটবলভিত্তিক কয়েকটি আলোচিত ছবির কথা।
ফুটবলকে কেন্দ্র করে নির্মিত প্রথম দিকের আলোচিত একটি ছবি দ্য আর্সেনাল স্টেডিয়াম মিস্ট্রি। ১৯৩৯ সালের ব্রিটিশ এ ছবির কাহিিন এগিয়েছে আর্সেনাল স্টেডিয়ামে ঘটে যাওয়া এক খুনের ঘটনা নিয়ে। ছবিতে আর্সেনালের ফুটবলার ও স্টাফ ক্লিফ বেস্টিন, এডি হেপগুড অভিনয় করেন । তবে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ছবি কমই নির্মিত হয়েছে। তেমনি একটি ছবি দ্য কাপ। তিব্বতের ফুটবলপ্রেমী দুই খুদে সন্ন্যাসী ১৯৯৮-এর বিশ্বকাপ ফাইনাল দেখতে তাদের আশ্রমে একটি টেলিভিশন সংগ্রহে নেমে পড়ে। এমন কাহিিন নিয়ে ভুটানের ছবি দ্য কাপ ১৯৯৯-এ মুক্তি পায়। জার্মান ছবি দ্য মিরাকেল অব বার্ন ২০০৩ সালে মুক্তি পায়। এতে ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপ ফাইনালে শক্তিশালী হাঙ্গেরির বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে পশ্চিম জার্মানির জয়কে ফুটিয়ে তোলা হয়েছে। ১৯৫০-এর বিশ্বকাপে আমেরিকা ইংল্যান্ডকে অপ্রত্যাশিতভাবে ১-০ গোলে হারানোর ঘটনা নিয়ে ছবি দ্য গেমস অব দেয়ার লাইভস মুক্তি পায় ২০০৫-এ।

গ্রেগরিস গার্ল
গ্রেগরিস গার্ল

ফুটবল যেসব মহাদেশ, সব ধর্ম, গোত্র ছাপিয়ে সবার কাছে সমান প্রিয়, সেটা আবারও উঠে আসে ২০০৬-এর ছবি লা গ্রেন ফাইনাল ছবিতে। মঙ্গোলিয়ার প্রত্যন্ত এলাকার তিন সাহসী লোকের গল্প এটি, যারা ২০০২-এর বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে টেলিভিশন খুঁজতে বের হয়। ছবিটি কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। বার্লিন চলচ্চিত্র উৎসবসহ কয়েকটি উৎসবে প্রদর্শিত হয় এটি।
বিশ্বকাপ ফুটবলের কোয়ালিফাইং ম্যাচ দেখতে মরিয়া কয়েকজন ইরানি মেয়ে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছদ্মবেশে স্টেডিয়ামে ঢুকতে গিয়ে ধরাও পড়ে তারা। এমন কাহিনি নিয়ে ২০০৬-এর ছবি অফসাইড সমালোচকদের উচ্ছ্বসিত প্রশংসা পায়। বার্লিন চলচ্চিত্র উৎসবে সিলভার বিয়ার পুরস্কারও পায় ছবিটি। ফুটবল নিয়ে সিরিয়াস ছবি দ্য টু এসকোবারস। ২০১০-এর এ ছবিতে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার কুখ্যাত এক দুর্নীতিবাজ পাবলো এসকোবার ও ফুটবলার আন্দ্রে এসকোবারের কাহিিন তুলে ধরা হয়। ১৯৯৪-এর বিশ্বকাপে ফুটবলার এসকোবারের আত্মঘাতী গোলে কলম্বিয়া হারার পর দেশটিতে দেখা দেয় এসকোবারবিরোধী আন্দোলন। একপর্যায়ে এসকোবারকে হত্যাও করা হয়।

অফসাইড, দ্য মিরাকেল অব বার্ন, এসকেপ টু ভিক্টরি
অফসাইড, দ্য মিরাকেল অব বার্ন, এসকেপ টু ভিক্টরি

এ ছাড়া ফুটবল নিয়ে ১৯৮১-এর ছবি এসকেপ টু ভিক্টরি আরেকটি উল্লেখযোগ্য ছবি। এতে আছেন নামকরা অভিনেতা সিলভেস্টার স্ট্যালন ও মাইকেল কেইন। এ ছাড়া আছেন ফুটবলের কিংবদন্তি পেলে ও ববি মুর। ফুটবল নিয়ে ব্রিটিশ রোমান্টিক কমেডি গ্রেগরিস গার্ল (১৯৮১) আছে অনেকেরই পছন্দের তালিকায়। দেখতে পারেন ফুটবল নিয়ে হংকংয়ের অ্যাকশন কমেডি ছবি শাওলিন সকার। বেন্ড ইট লাইক বেকহামও হতে পারে আপনার জন্য দারুণ বিনোদন। আরও দেখতে পারেন ড্যামন্ড ইউনাইটেড, ফুটবল ট্রিলজি, হোয়েন স্যাটারদে কামস, মিন মেশিন, গ্রেসি ছবিগুলো।
আহমেদ শরীফ
তথ্যসূত্র: বিএফআই ডট অর্গ ডট ইউকে, আইরিশ টাইমস ডট কম, শিকাগো ট্রিবিউন ডট কম, দ্য ডিসলভ ডট কম ও উইকিপিডিয়া