
শৈশবে সিমিন হোসেন রিমি যখন সবে বুঝতে শিখছেন, তখন থেকেই মায়ের হাতে দেখেছিলেন একটি ইয়াশিকা ক্যামেরা। জোহরা তাজউদ্দীনের ছবি তোলার শখ ছিল। সে ছবি কখনো পরিবারের, কখনো প্রকৃতির।
সেই থেকেই সিমিন হোসেনের ছবি তোলার শখ জাগে। মায়ের মতো তিনিও ভালোবাসেন প্রকৃতির ছবি তুলতে। এখন তিনি সাংসদ, ছবি তোলাও চলছে। এত বছরের জমানো ছবিগুলো থেকে ১১৪টি নিয়ে গ্যালারি টোয়েন্টি ওয়ানে শুরু হয়েছে তাঁর একক আলোকচিত্র প্রদর্শনী।
১৯৭৫ সালে শিল্পী ছিলেন অনেক ছোট। তখন তাঁর বাবা তাজউদ্দীন আহমদকে বন্দী করা হয়। পরে কারান্তরে হত্যা করা হয় দেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের বিজয়ী এই নেতাকে।
তাই প্রদর্শনীর ছবির একটা বড় অংশে আছে আকাশের ছবি। শিল্পীর লেন্সে ধরা পড়েছে হরেক রকম আকাশ। আকাশে কখনো শরতের সাদা মেঘ, কখনো উদীয়মান সূর্য, কখনো অস্তরবি। কখনো এই আকাশ রংধনুতে রঙিন হচ্ছে, কখনো রাতে চাঁদের আলোয় হচ্ছে প্লাবিত। শুধু আকাশ নয়, তিনি তুলেছেন নদী, খেত, গাছ, ফুল, পাখি, সমুদ্রের ছবিও।
গতকাল শনিবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান। অনুষ্ঠানে আরও ছিলেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম ও রোকেয়া সুলতানা।
রোকেয়া আফজাল রহমান বলেন, ‘রিমিকে ছোটবেলা থেকে দেখছি। কিন্তু আমি জানতাম না ওর এত গুণ আছে। একদিন টিভিতে দেখি, কী সুন্দর করে সে বাবার সম্পর্কে বলছে! আজ এখানে এসে ওর ছবি দেখে আমি মুগ্ধ হয়েছি।’
‘প্রকৃতি’ শিরোনামের এ প্রদর্শনী চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত।