সিম্পসনের রাগ

সাংবাদিক সমাজের ওপর রীতিমতো তিতিবিরক্ত জেসিকা সিম্পসন। সম্প্রতি এই সংগীততারকা তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। গর্ভকালীন সাংবাদিকেরা তাঁর জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন বলে অভিযোগ করলেন সিম্পসন, ‘আমি সত্যিই বুঝতে পারি না লোকে কেন গর্ভবতী নারীদের এতটা কষ্টকর সময়ের মধ্যে ঠেলে দেয়।’ নারী কোনো তারকার মা হওয়ার খবর ঢালাও করে প্রচার করা হয় সংবাদমাধ্যমগুলোতে। এরপর যে দশটা মাস সন্তান জন্মদানের স্বর্গীয় সেই মুহূর্তটার জন্য তাঁরা অপেক্ষা করেন, এর প্রায় প্রতিটা দিনই তাঁদের নিয়ে খবর করা হয়। সেই খবরগুলো কখনো কখনো শালীনতার সীমাও ছাড়িয়ে যায়। নিজের অভিজ্ঞতা থেকে তো বুঝেছেনই, সবচেয়ে ভালো বুঝেছেন কিম কারদাশিয়ানের মা হওয়া নিয়ে মিডিয়ার বাড়াবাড়ি দেখে। ‘কিমের জন্য সত্যিই খুব খারাপ লাগে’—বলেছেন সিম্পসন।
রা. হা.
সূত্র: আইএএনএস, এএনআই, টিএনএন, পিটিআই