চ্যানেল আইয়ে আজ শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘ভূনুষ’। এটি লিখেছেন মানিক মানবিক ও লিটু সাখাওয়াত। পরিচালনা করেছেন তানভীর হোসেন ও কায়সার কাদের। এই নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান। কথা হলো তাঁর সঙ্গে।দেশের বাইরে কোথাও গিয়েছিলেন নাকি?হ্যাঁ, ভারতের কলকাতায়। দুই দিন আগেই সেখান থেকে ফিরেছি। কলকাতার গিরিশ মঞ্চে এবং মুর্শিদাবাদের বহরমপুরে আমাদের নাট্যকেন্দ্রের আরজ চরিতামৃত নাটকটি মঞ্চস্থ হলো। সাত দিন ছিলাম সেখানে। কাজের ফাঁকে সিরাজউদ্দৌলার মুর্শিদাবাদে এবার একটু বেড়ানোও হয়েছে। অন্য রকম লেগেছে। আসলে বাংলার মানুষের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার একটা আবেগের সম্পর্ক আছে। মুর্শিদাবাদের মুর্শিদকুলী খাঁর কবর, জগত্ শেঠের জায়গা, লর্ড ক্লাইভের থাকার জায়গা দেখেছি। ইউরোপীয় আদলে তৈরি হাজার দুয়ারীতে গিয়েছিলাম। এখন সেটা জাদুঘরে রূপান্তর করা হয়েছে। নবাবদের ব্যবহার করা জিনিসপত্র, শিরস্ত্রাণ, বল্লমসহ যুদ্ধের সরঞ্জাম রাখা আছে সেখানে। ইতিহাসের সঙ্গে জড়িত এসব জায়গা দেখার অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না।আজ থেকে শুরু হচ্ছে ভূনুষ নাটকটি। এটি নিয়ে কিছু বলুন।অনেক দিন আগে নাটকটির কাজ করেছিলাম। তা প্রায় বছর চারেক আগে। মানুষ ও ভূতের সংমিশ্রণে বিদ্রূপাত্মক, হাস্যরস নিয়ে নাটকটির গল্প। এখানে একটি পরিবার থাকে, যার প্রতিটি সদস্য ভূত। তারা মানুষ সেজে পৃথিবীতে আসে। আমি সেই পরিবারের প্রধান। শুটিংয়ের সময় খুব মজা হয়েছিল। কেননা ভূতের ভাষা মানেই তো একটু আলাদা কিছু। ভূতদের জন্য সংবিধান তৈরি করেছিলাম। বুঝতেই পারছেন, ব্যাপারটা কী রকম হয়েছিল! সংলাপ বলতে গেলেই সবাই হাসতে শুরু করত।গুলশান এভিনিউ ধারাবাহিকের কী খবর?নাটকের গল্পে এখন পারিবারিক কিছু সমস্যা চলছে। আগামী পর্বগুলো দর্শক এর সমাধান দেখতে পাবে। এরপর বাড়িতে আসবে আমার এক ভাই। তখন আবার নতুন সমস্যা তৈরি হবে। এ ছাড়া আর কী কী কাজ করছেন?একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য জনসচেতনতামূলক কয়েকটি বিজ্ঞাপনচিত্র তৈরি করেছি। আরও কিছু বিজ্ঞাপনের কাজ করেছি। কয়েকটির কথা চলছে। এ ছাড়া অচেনা মানুষ নামে নতুন আরেকটি প্রতিদিনের ধারাবাহিক নাটকে কাজ করছি। শিগগিরই এটি প্রচারিত হবে। আর আমাদের দলের নতুন নাটক মৃত মানুষের ছায়ার নিয়মিত প্রদর্শনী শুরু হয়েছে। বিনোদন প্রতিবেদক