সিরাজগঞ্জে রবীন্দ্রমেলা শুরু
গতকাল শুক্রবার থেকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শুরু হয়েছে দুই দিনের রবীন্দ্রমেলা। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বক্তব্য দেন সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, নীলোৎপল সাধ্য, জেলা সভাপতি করুণা রানী সাহা, সম্পাদক জান্নাত আরা, আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম চৌধুরী, সাফিনা লোহানী, আসাদ উদ্দিন, সুপ্রিয় চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে প্রশিক্ষণ কর্মশালা এবং পরে ‘রবীন্দ্র ভাবনায় দেশ, কাল ও সমাজ শীর্ষক’ প্রবন্ধ পাঠ করা হয়। সন্ধ্যায় কবি মহাদেব সাহাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিল্পীরা সংগীত পরিবেশন করেন। রবীন্দ্রমেলাকে ঘিরে অডিটোরিয়াম প্রাঙ্গণে ২০টি স্টল বসানো হয়েছে। আজ মেলার দ্বিতীয় এবং শেষ দিনে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে প্রদীপ প্রজ্বালন, বোধন সংগীত, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে। এই অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানীকে সম্মাননা দেওয়া হবে।