সিরাজগঞ্জে 'ছাগতত্ত্ব' ও বগুড়ায় 'মড়া' নাটক মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগী নাট্যসংগঠন কলেজ থিয়েটার গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ মিলনায়তনে মড়া নাটক মঞ্চস্থ করেছে। এ ছাড়া সিরাজগঞ্জ শহরের ভাসানী মিলনায়তনে নাট্য নিকেতনের ১৩তম বর্ষপূর্তি উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় ছাগতত্ত্ব নাটক মঞ্চস্থ হয়েছে।
কলেজ থিয়েটারের সৈয়দ আহম্মদ কলেজ শাখার নাট্যকর্মীরা মড়া নাটকে অভিনয় করেন। শুভঙ্কর চক্রবর্তী রচিত নাটকটির নির্দেশনা দেন বগুড়া কলেজ থিয়েটারের সমন্বয়ক বিধান কৃষ্ণ রায়। মড়া নাটকে অভিনয় করেন আশা মাহমুদ, রাকিবুল ইসলাম, মাহমুদুল হাসান, বিউটি খাতুন, শফিকুল ইসলাম, সুবাস চন্দ্র দাস, জান্নাতুল ফেরদৌস, সিয়াম মাহমুদ, বারী, লতিফ, জাকির, সৌরভ, গালিব প্রমুখ।
বগুড়ার প্রয়াত নাট্যগুরু খন্দকার গোলাম কাদেরের স্মরণে আজ শুক্রবার বিকেলে বগুড়ার পৌর পার্কে মড়া নাটকটি উন্মুক্ত মঞ্চে প্রদর্শিত হবে।
এদিকে ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নাটক’ স্লোগান সামনে রেখে সিরাজগঞ্জে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব। শহরের ভাসানী মিলনায়তনে নাট্য নিকেতনের ১৩তম বর্ষপূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় উৎসবের দ্বিতীয় দিনে ছাগতত্ত্ব নাটক মঞ্চস্থ করে নাট্যাধার সিরাজগঞ্জ। নাটকটি রচনা করেছেন শাহীনুর রহমান। নির্দেশনা দিয়েছেন মাহমুদল হাসান।
নাটক শুরুর আগে নাট্য নিকেতন নাট্যোৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক নাট্য নিকেতনের প্রতিষ্ঠাতা দিলীপ গৌরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি কে এম হোসেন আলী। বক্তব্য দেন দুর্বার নাট্যগোষ্ঠীর সভাপতি আছির উদ্দিন, নজরুল একাডেমির সভাপতি সাংবাদিক হেলাল আহম্মেদ। নাটক শেষে সমাপনী আলোচনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ইরতেজা আহসান।