সিরিয়ায় মার্কিন হুমকির বিরুদ্ধে উদীচীর প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
udichi logo
udichi logo

সিরিয়ায় মার্কিন আগ্রাসনের হুমকি ও অবৈধভাবে স্বাধীন দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার ষড়যন্ত্রের অভিযোগে আজ এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী।
এ প্রসঙ্গে উদীচীর প্রচার সম্পাদক কংকন নাগ জানিয়েছেন, আজ শনিবার বিকেল পাঁচটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকবেন উদীচীর কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও অন্যান্য বিভিন্ন শাখা ও সংসদের নেতা-কর্মীরা। এ ছাড়া যুদ্ধবিরোধী গান পরিবেশন করবেন উদীচীর শিল্পীরা।
কংকন নাগ জানান, বেশ কিছুদিন ধরে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় আগ্রাসনের হুমকি দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও সিরিয়া সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে প্রায় দেড় হাজার বেসামরিক মানুষ হত্যার অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তারা এখনো এর পক্ষে কোনো সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি।
উদীচীর প্রচার সম্পাদক কংকন আরও জানান, জাতিসংঘের কোনো ধরনের অনুমোদন ছাড়াই সম্পূর্ণ একতরফাভাবে সিরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এটি সব ধরনের আন্তর্জাতিক আইন-কানুন ও নিয়মনীতির বিরোধী বলে মনে করে উদীচী। তাই সিরিয়ায় মার্কিন আগ্রাসনের হুমকি ও অবৈধভাবে একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।