সিরিয়ার শরণার্থীদের ১ লাখ ডলার দিলেন জোলি
দাতব্য কাজের জন্য সুপরিচিত হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আবারও দাতব্য কাজের জন্য খবরের শিরোনাম হয়েছেন। গতকাল ২০ জুন বিশ্ব শরণার্থী দিবসে সিরিয়ার শরণার্থীদের কল্যাণে ব্যয়ের উদ্দেশ্যে এক লাখ ডলার দান করেছেন অস্কারজয়ী এ তারকা। ইউএন হাইকমিশনার ফর রিফিউজিসের (ইউএনএইচসিআর) বিশেষ মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন ৩৭ বছর বয়সী এ মার্কিন অভিনেত্রী। ২০ জুন বুধবার ইউএন রিফিউজি এজেন্সির হাতে দাতব্যের জন্য এক লাখ ডলার তুলে দিয়েছেন জোলি। এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক। বিশ্ব শরণার্থী দিবসে একটি বিবৃতিও প্রকাশ করেছেন জোলি। সেখানে তিনি উল্লেখ করেন, ‘গত বছর অন্তত সাড়ে চার মিলিয়ন মানুষ শরণার্থী হিসেবে নাম লিখিয়েছে, যাদের প্রায় অর্ধেক আফগানিস্তানের অধিবাসী। দেশছাড়া হয়েছেন ১২ মিলিয়ন মানুষ। বিগত পাঁচ বছর ধরেই নিজের দেশ ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন বহু মানুষ। এ হার বেড়েই চলেছে। বিশ্বব্যাপী এমন দেশান্তরিত মানুষের সংখ্যা ৪২ মিলিয়ন ছাড়িয়ে গেছে।’জোলি আরও উল্লেখ করেছেন, ‘যত দ্রুত সম্ভব শরণার্থীর সংখ্যা কমিয়ে আনতে হবে। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিবেদিতভাবে কাজ করতে হবে। প্রত্যেক শরণার্থীরই রয়েছে একটি করে করুণ কাহিনি। তারা যেমন দুর্দশার ভেতর দিয়ে গেছে, আমি হলে কখনোই তা বহন করতে পারতাম না। দুর্বিষহ ভোগান্তির পরও তারা যেভাবে উঠে দাঁড়িয়েছে এবং নতুনভাবে বাঁচার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, তা অবিশ্বাস্য। বেঁচে থাকার জন্য তাদের এ অদম্য শক্তি সত্যিই আমাদেরকে অনুপ্রাণিত করে।’