আবারও নিজের সেরা কাজ দেখালেন হলিউডের অ্যাকশন নায়ক সিলভেস্টার স্ট্যালোন। এ বয়সেও যে তিনি বুড়িয়ে যাননি, তার আরেকটি প্রমাণ দিয়েছেন সম্প্রতি মুক্তি পাওয়া দি এক্সপেন্ডেবলস ছবিতে। তারকাবহুল এ ছবিটি পরিচালনা ছাড়াও অভিনয় করেছেন স্ট্যালোন। মুক্তির পর টপ চার্টের শীর্ষস্থান নেওয়ার পাশাপাশি প্রথম সপ্তাহেই ছবিটি আয় করেছে প্রায় সাড়ে চার কোটি ডলার! দর্শকেরা আবারও দেখলেন র্যাম্বোখ্যাত এ তারকা অভিনীত ছবি মানেই রোমাঞ্চকর অ্যাকশননির্ভর ছবি। রোমাঞ্চকর দারুণ একটি কাহিনিনির্ভর দি এক্সপেন্ডেবলস ছবিটি। সাবেক ছয় সেনাসদস্যের একটি দল নিয়ে গঠিত এক্সপেন্ডেবলস দলটি। দলের নেতা রস (স্ট্যালোন)। দক্ষিণ আমেরিকার ছোট একটি দেশের স্বৈরশাসক এক জেনারেলকে উৎখাত করার জন্য তাদের ভাড়া করা হয়। শুরুতে বলা হয়, দেশটিতে কাজ করতে সাহায্য করবে সানদ্রা। কিন্তু দেশটিতে পা রেখে রস জানতে পারে, সানদ্রা আসলে সেই স্বৈরশাসকেরই মেয়ে, আর পুরো বিষয়টির সঙ্গে সিআইএ জড়িত। মিশন বাতিল করে ফিরে আসতে চায় রস, কিন্তু সানদ্রার জন্য আবারও বড় ধরনের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ভাড়াটে সেনাসদস্যের দলটি। তারকাসমৃদ্ধ এ ছবিতে আছেন শীর্ষস্থানীয় সব তারকা। পরিচালক নায়ক স্ট্যালোন ছাড়াও মিকি রোর্কি, জেট লি, ব্রুস উইলিস, আর্নল্ড শোয়ার্জনেগার, জেসন স্ট্যাটহাম, ডলফ লান্ডগ্রেন, স্টিভ অস্টিন, কার্টার, ক্রিউসের মতো তারকাসমৃদ্ধ এ ছবি আলোচনার ঝড় তুলেছে বোদ্ধামহলে। জেট লি ছাড়া প্রায় সব তারকাই বয়সের দিক দিয়ে বুড়ো হয়ে গেলেও দেখালেন, এখনো তাঁরা সেরাই আছেন। প্রায় সাত কোটি ডলার বাজেটের এ ছবির মাধ্যমে অনেক দিন পর পর্দার সামনে এলেন টার্মিনেটরখ্যাত ছবির নায়ক এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার। তবে তিনি শুধু একটি দৃশ্যেই অভিনয় করেছেন।ছবিটির এসব কৃতিত্বের অন্যতম দাবিদার ৬৪ বছর বয়সী তারকা সিলভেস্টার গার্ডিনজিও স্ট্যালোন, যিনি সিলভেস্টার স্ট্যালোন নামেই পরিচিত। চলচ্চিত্রসংশ্লিষ্ট পরিবারের সদস্য স্ট্যালোনের অভিনয়ের হাতেখড়ি পরিবার থেকেই। শুরুর দিকে বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করলেও রকিখ্যাত এ তারকা র্যাম্বো সিরিজের ছবির মাধ্যমে তারকাখ্যাতি পান। ডেভিড মোরেলের উপন্যাস অবলম্বনে এ সিরিজে প্রথম ছবি ফার্স্ট ব্লাড মুক্তি পায় ১৯৮২ সালে। এরপর এই সিরিজের আরও তিনটি ছবি মুক্তি পায় যার মধ্যে শেষ ছবি র্যাম্বো মুক্তি পায় ২০০৮ সালে। এ ছবিগুলোতে জন র্যাম্বো চরিত্রে অভিনয় করা স্ট্যালোন তারকাখ্যাতির পাশাপাশি পেয়েছেন পুরস্কার। অ্যাকশন-নির্ভর নানা ছবির মধ্যে নিজের সেরা অভিনয়ের মাধ্যমে দর্শকদের মধ্যে নিজের অবস্থান করে নিয়েছেন স্ট্যালোন। ১৯৮৮ সালে র্যাম্বো থ্রি সফলতার পর বেশ কয়েক বছর তেমন আয়ের ছবি মুক্তি না পাওয়ায় নিজের জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়ে স্ট্যালোনের। তবে ১৯৯৩ সালে আরেক অ্যাকশনধর্মী ক্লিফহ্যাঙ্গার ছবির মাধ্যমে আবার নিজেকে তুলে ধরেন তিনি। ছবিটি মুক্তির পর সারা বিশ্বে আয় করে ২৫৫ মিলিয়ন ডলার! একই বছর মুক্তি পাওয়া ডেমোলিশন ম্যান ছবিটিও আয় করে ১৫৮ মিলিয়ন ডলার। পরের বছর দ্য স্পেশালিস্ট নামের আরেকটি ছবির মাধ্যমে বিশ্বব্যাপী তাক লাগিয়ে দেন এই তারকা অভিনেতা। ছবিটি আয় করে ১৭০ মিলিয়ন ডলার। পরপর তিনটি ছবির এমন আয় আর পেছনে তাকাতে দেয়নি পরিচালক, অভিনেতা নানা পরিচয়ে পরিচিত এ তারকাকে। একাধিক ছবির জন্য অস্কার নমিনেশন ছাড়াও পেয়েছেন গোল্ডেন অ্যাপল অ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্রের পিপলস চয়েস অ্যাওয়ার্ড, স্টোকহোম ফ্লিম ফেস্টিভ্যালসহ জিতেছেন ২৫টি পুরস্কার। পেয়েছেন গোল্ডেন গ্লোবসসহ ২৫টি নমিনেশনও। র্যাম্বো সিরিজের পরবর্তী ছবি র্যাম্বো ৫ নিয়েও কাজ করছেন স্ট্যালোন। আগের মতোই অ্যাকশন এই তারকাকে নতুনভাবে দেখার অপেক্ষায় দর্শকেরা।নুরুন্নবী চৌধুরীতথ্যসূত্র: ওয়েবসাইট