সিলেট ও চট্টগ্রামের গান নিয়ে অ্যালবাম করবেন লোপামুদ্রা
ভারতের বাংলা গানের এ সময়ের কণ্ঠশিল্পী লোপামুদ্রা মিত্র এবার বাংলাদেশের লোকগানের অ্যালবাম করবেন। লোপামুদ্রা জানালেন, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের গান নিয়ে হবে তাঁর এই অ্যালবাম। আর অ্যালবামটি বাজারে আসবে এ দেশ থেকেই। গত শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় কথা হলো লোপামুদ্রা মিত্রের সঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনৃত্যনাট্য তাসের দেশ নতুন করে মঞ্চে এনেছে সাধনা। আর তাতে গান গেয়েছেন লোপামুদ্রা মিত্র। ওই দিন সন্ধ্যায় গীতিনৃত্যনাট্যটির উদ্বোধনী প্রদর্শনী হলো। অনুষ্ঠান শুরুর আগে সংক্ষিপ্ত আড্ডায় লোপামুদ্রা জানালেন, বাংলাদেশে এটা তাঁর দ্বিতীয় সফর। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ উদ্যাপনের উদ্বোধনী অনুষ্ঠানে গান করতে গত বছর ঢাকায় এসেছিলেন তিনি। লোপামুদ্রা জানালেন, বাংলাদেশে একক গানের অনুষ্ঠান করার খুব ইচ্ছা তাঁর। বললেন, ‘আমার শিকড় কিন্তু এই বাংলাদেশে। আমার একক গানের অনুষ্ঠান করার জন্য অনেকেই যোগাযোগ করেছিলেন, তবে ব্যস্ততার কারণে সেটা সম্ভব হয়নি। এবার মনে হচ্ছে, শিগগিরই হবে। আর বাংলাদেশের লোকগানের অ্যালবামের কাজও শুরু করবেন ফিরে গিয়েই।’ লোপামুদ্রা মিত্রের প্রথম অ্যালবাম অন্য হাওয়া বের হয় ১৯৯৬ সালে এইচএমভি থেকে। দীর্ঘ ১৪ বছরে এসেছে তাঁর ২০টি অ্যালবাম। এর মধ্যে রবীন্দ্রসংগীতের ১০টি। রয়েছে লোকগানের অ্যালবামও।