
বাউল আবদুর রহমান! বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে। ৩৬ বছর ধরে প্রয়াত বাউলসাধক শাহ আবদুল করিমের সঙ্গ করেছেন। সিলেটের এই সময়ের অন্যতম প্রবীণ ও জনপ্রিয় এই শিল্পী যখন মঞ্চে ওঠেন, তখন ঘড়ির কাঁটা সাতটার কোঠায়। মঞ্চে ওঠেই তিনি বললেন, ‘আমার ওস্তাদ শাহ আবদুল করিম ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর দেহত্যাগ করেন। তাঁর মরদেহ নিয়ে পরদিন যখন নৌকায় করে হাওর পাড়ি দিচ্ছিলাম, তখন কান্নারত কণ্ঠে গাইছিলাম তাঁরই প্রিয় একটি গান। আমি সেই গানটি দিয়েই বরং শুরু করি।’
আবদুর রহমান কথা শেষ করেই দরদি গলায় ধরলেন, ‘মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে’। মুহূর্তেই মাঠজুড়ে স্তব্ধতা নেমে আসে। নীরবতার মধ্যে বাউল আবদুর রহমান গাইলেন পরের পঙ্ক্তিগুলো, ‘তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে’। এভাবেই রহমানের কান্নাভেজা কণ্ঠের পরিবেশনা শেষ হলে দর্শকেরা করতালিতে অভিবাদন জানান শিল্পীকে। ৬৩ বছর বয়সী রহমান এরপর করিম রচিত তিনটি এবং নিজের লেখা একটি গান পরিবেশন করেন।
আবদুর রহমানই নন, গতকাল সোমবার বেঙ্গল সংস্কৃতি উৎসবে কেবল সিলেট অঞ্চলের গান ও লোক-ঐতিহ্যগুলোই পরিবেশিত হয়েছে। সিলেটময় এই আয়োজনে দর্শনার্থীরাও মুগ্ধতা প্রকাশ করেছেন আয়োজকদের প্রতি। নগরের মাছিমপুর এলাকার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ২২ ফেব্রুয়ারি থেকে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। গতকালের অনুষ্ঠানটি ছিল কেবল সিলেটি গান ও সিলেটি শিল্পীদের নিয়ে। এ কারণেই বোধ হয় দর্শনার্থীরা গানের ফাঁকে ফাঁকে ‘আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি’ বলে বারবার আওয়াজ তুলছিলেন।
এদিকে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গুরুসদয় দত্ত চত্বরে সিলেটের ঐতিহ্যবাহী নাগরি পুঁথি পাঠ করেন ৮৫ বছর বয়সী আলী আসহাব। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকার প্রবীণ এই বাসিন্দা পাঠ করেন কারবালার বিয়োগান্ত কাহিনি নিয়ে ওয়াহেদ আলী রচিত ‘জঙ্গনামা’ পুঁথির অংশবিশেষ। পুঁথি পাঠ অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিকার আমিনুল ইসলাম চৌধুরী।
পুঁথি পাঠক আলী আসহাব জানান, প্রায় ৭০০ বছর আগে নাগরিলিপিতে পুঁথি রচনা করতেন সিলেট অঞ্চলের পীর-ফকিরেরা। এ লিপি বাংলাভাষার একটি বিকল্প লিপি। সিলেট অঞ্চলেই এ লিপির উদ্ভব ও বিকাশ। এ লিপিতে কয়েক শতাধিক পুঁথি রচিত হয়েছে। তবে ‘জঙ্গনামা’ পুঁথিটি কবে রচিত হয়েছে, তা তাঁর জানা নেই। তিনি অন্তত পাঁচ দশক ধরে সিলেটের বিভিন্ন অঞ্চলে পুঁথি পাঠ করে আসছেন বলে জানিয়েছেন।
এর আগে বেলা চারটা থেকে সৈয়দ মুজতবা আলী মঞ্চে যথাক্রমে অজ্ঞাতনামা, জালালের গল্প ও আয়নাবাজি চলচ্চিত্র প্রদর্শিত হয়। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হাসন রাজা মঞ্চে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রামকৃষ্ণ সরকার ও তাঁর দলের ধামাইল গান পরিবেশনার মধ্য দিয়ে ষষ্ঠ দিনের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। এ ধামাইল গানের উদ্ভবও কিন্তু সিলেট অঞ্চলে। এরপরই ছিল বাউল আবদুর রহমানের পরিবেশনা।
এরপর শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুপ্রিয় চক্রবর্তী ও মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ। স্বাগত বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। রাত পৌনে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আলোচনা সভা চলছিল। আলোচনার পরপরই চা জনগোষ্ঠীর শিল্পীদের ঝুমুর ও কাঠিনৃত্য পরিবেশন করার কথা। এরপরই মঞ্চে ওঠার কথা এ বছর একুশে পদকপ্রাপ্ত সিলেটের প্রবীণ লোকসংগীতশিল্পী সুষমা দাশের। তাঁর পর মঞ্চে ওঠার কথা শিল্পী মো. শামীম আহমেদ ও বাউল সূর্যলাল দাশের।
উচ্ছৃঙ্খলার অভিযোগে তিন যুবক আটক
সিলেটে বেঙ্গল সংস্কৃতি উৎসবের ষষ্ঠ দিনের উৎসব চলাকালে উচ্ছৃঙ্খলতার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রাত সোয়া আটটায় হাসানুর রহমান নামের এক যুবককে পুলিশ আটক করলে তাকে ছাড়িয়ে নিতে কয়েক ব্যক্তি জড়ো হয়। পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং ফাঁকা গুলি ছুড়ে। এ সময় আরও দুজনকে আটক করা হয়। তারা সিলেট শাহজালাল সিটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। সিলেট কোতোয়ালি থানার ওসি সুহেল আহম্মদ ২১টি ফাঁকা গুলি ছোড়ার সত্যতা নিশ্চিত করেছেন।