সিলেটে আবার নাট্যোৎসব
মঙ্গলবার সিলেটে শেষ হলো নবশিখা নাট্যদলের ‘জাতীয় নাট্যোৎসব’। ওই উৎসবের রেশ না কাটতেই গতকাল বুধবার শুরু হয়েছে ‘নাট্যমঞ্চ জাতীয় নাট্যোৎসব’। সিলেটের নাটকের দল নাট্যমঞ্চের ২০ বছর পূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে। ‘চেতনার মন্ত্রে মুক্ত হোক শৃঙ্খল’ স্লোগান নিয়ে উৎসব অনুষ্ঠিত হচ্ছে শহরের রিকাবীবাজার এলাকার সিলেট মিলনায়তনে। প্রথম দিন সন্ধ্যায় মঞ্চস্থ হলো নাট্যমঞ্চের নাটক কালান্তর। এটি লিখেছেন আজিজুজ সামাদ, নির্দেশনা দিয়েছেন নিহারেন্দু কর।নাট্যমঞ্চ জাতীয় নাট্যোৎসবের আহ্বায়ক রজতকান্তি গুপ্ত জানান, দেশের সাতটি বিভাগের সাতটি দল এই উৎসবে তাদের নাটকের প্রদর্শনী করবে। আজ বৃহস্পতিবার মঞ্চস্থ হবে চট্টগ্রামের উত্তরাধিকারের নাটক মন তার শঙ্খিনী, শুক্রবার রাজশাহীর অনুশীলন নাট্যদলের ভূমিকন্যা, শনিবার যশোরের বিবর্তনের কৈবর্তগাথা, রোববার রংপুরের শিখা সংসদের সদগতি ও অভিনয়, সোমবার বরিশালের শব্দাবলীর নীল ময়ূরের যৌবন এবং মঙ্গলবার মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের নাটক বিনোদিনী।প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে নাটকের প্রদর্শনী।