সিলেটে চলছে বিশেষ শিশু আঁকিয়েদের চিত্রকর্ম প্রদর্শনী
সাড়ে তিন বছর থেকে শুরু করে ১১ বছর বয়সী ২২ জন শিশুর ৪১টি চিত্রকর্ম দেয়ালে শোভা পাচ্ছে। এসব চিত্রশিল্পীর প্রত্যেকেই বিশেষ শিশু (অটিস্টিক শিশু)। তাদের আঁকা এসব চিত্রকর্মের প্রদর্শনী শুরু হয়েছে ২ এপ্রিল থেকে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। আর এ প্রদর্শনী চলছে সিলেট নগরের কুমারপাড়া এলাকার সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল প্রাঙ্গণে। প্রতিদিন বেলা তিনটা থেকে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকে।
আজ রোববার বিকেলে প্রদর্শনী ঘুরে দেখা গেছে, শিশুরা প্রকৃতি, পশু, পাখি, গ্রামীণ বাড়িঘর, নৌকা, ক্রীড়াসামগ্রীসহ নানা ধরনের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে চিত্রকর্ম তৈরি করেছে। সবচেয়ে কনিষ্ঠ সাড়ে তিন বছর বয়সী শিশু নেহাল হোসাইন সাফয়ান এঁকেছে বাংলাদেশের পতাকা। প্রদর্শনীতে অটিস্টিক চিত্রকর্ম দেখতে আসা দুজন দর্শনার্থী জানান, বিশেষ শিশুদের সৃজনশীলতায় তাঁরা মুগ্ধ হয়েছেন। ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভবিষ্যতে এসব শিশু বিখ্যাত চিত্রশিল্পী হতে পারবে বলে তাঁরা মনে করেন।
নয় বছর বয়সী অটিস্টিক শিশু লাবিদ ইবনে আজিজের আটটি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। সে তার চিত্রকর্মগুলো এ প্রতিবেদককে দেখিয়ে বলে, ‘আমি সুন্দর সুন্দর এই ছবিগুলো আঁকছি। এগুলো খুব ভালো হয়েছে।’ আয়োজকেরা জানান, ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ১৩ দিনব্যাপী শিশু চারুকলা উৎসব শুরু হয়েছে। ‘আগামীর আকাশে উড়াব নতুন ঘুড়ি’ শীর্ষক এ উৎসবে প্রতিদিন চলছে হস্তশিল্প মেলা, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অবশ্য অটিস্টিক শিশুদের পাশাপাশি এ উৎসবে সাধারণ শিশুরাও নানা আয়োজনে অংশ নিচ্ছে।
প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল গনি হিমন প্রথম আলোকে বলেন, ‘১৪ এপ্রিল পয়লা বৈশাখ উদ্যাপনের মাধ্যমে ১৩ দিনব্যাপী শিশু চারুকলা উৎসব শেষ হবে। সমাপনী দিনে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এ উৎসবে সাধারণ শিশুদের পাশাপাশি বিশেষ (অটিস্টিক) শিশুরাও শোভাযাত্রা থেকে শুরু করে দিনভর নানা সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবে।’